
বাংলাদেশের বছরটা শুরু হয়েছিল জয় দিয়েই। আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানে জিতে বিশ্বকাপ শুরু করল মাশরাফি বিন মুর্তজার দল। পরের ম্যাচটা ছিল অস্ট্রেলিয়া বিপক্ষে। ব্রিসবেনে সে ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টির তোড়ে। তবে প্রকৃতির সৌজন্যে বাংলাদেশ উপহার পেয়েছিল মূল্যবান একটি পয়েন্ট।
এর পর অবশ্য এমসিজিতে শ্রীলঙ্কার বিপক্ষে হার। তার পরের দুই ম্যাচে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুই জয়ে প্রথমবারের মতো পা রাখল কোয়ার্টার ফাইনালে। মেলবোর্নে ভারতের বিপক্ষে আলোচিত সেই কোয়ার্টার ফাইনালে বিদায়ের পরও তিন জয়ে বিশ্বকাপটা রঙিনই হয়েছিল মাশরাফিদের।
এর পর ঘরের মাঠে একেকটা ওয়ানডে সিরিজ মানে একেকটা বিজয়গাথা। এপ্রিলে পাকিস্তানকে ধবলধোলাই, জুনে ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচে হেরেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় আর নভেম্বরে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া—৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ কাটাল জয়, জয়, জয়ের বছর। বাংলাদেশ টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে এ বছরই এসেছে চারটি সিরিজ হয়। এ কারণেই লিখতে হচ্ছে: জয়, জয়, জয় আর জয়!
১৮ ম্যাচ ১৩ জয়, হার ৫। সাফল্যের হার ৭২.২২। অস্ট্রেলিয়ার পরই সবচেয়ে সফল দলটির নাম বাংলাদেশ। শুধু ২০০৯ সালেই বাংলাদেশের সাফল্য এবারের চেয়ে বেশি ছিল। ওই বছর ১৯ ম্যাচের ১৪টিতেই জিতেছিল বাংলাদেশ। ১০টি জয়ই অবশ্য ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তিনটি খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর এবার সব জয় ক্রিকেটে চার পরাশক্তির বিপক্ষে। সাফল্যের বিচারে এগিয়ে রাখতে হবে এ বছরকে। তা-ই নয়, নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বছরে টানা চার সিরিজ জয়ের রেকর্ডও গড়ল বাংলাদেশ।
দলীয় আরও সাফল্য আছে বাংলাদেশের। এ বছরই ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর করেছে বাংলাদেশ। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরপুরে। ওয়ানডেতে বাংলাদেশের নয়টি ৩০০ ছাড়ানো ইনিংসের তিনটিই হয়েছে এ বছরে, এক বছরে সবচেয়ে বেশি। এ বছর প্রতি ৩৫.৭৯ রানে একটি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং গড়ে যা বাংলাদেশের সেরা। পেছনে পড়ল ২০১২ সালের উইকেটপ্রতি ৩১.৬৪ রান। ওভারপ্রতি রান তোলার ক্ষেত্রেও সেরা বছর, ৫.৫৯। দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০১৩ সালে, ৫.৪৩।
ওয়ানডেতে বলার মতো গল্প থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে সে তুলনায় সাফল্যের বিচার খানিকটা পিছিয়েই। তবুও ক্রিকেটের বড় সংস্করণে এ বছরই বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ চারটি ড্র। যদিও বেশির ভাগ ড্র এসেছে বৃষ্টির সহায়তায়। আর ৫ টি-টোয়েন্টিতে জয় দুটিতে। তবে এর মধ্যে সবচেয়ে বড় প্রেরণা, এপ্রিলে পাকিস্তানকে হারানো।
অন্য দুই সংস্করণে যে পারফরম্যান্সই হোক, ওয়ানডেতে বাংলাদেশ এতটাই উজ্জ্বল, বিসিবি চাইলে ২৪ ক্যারেট সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে পারে ‘২০১৫’ শব্দটা!