জয় দক্ষিণ আফ্রিকাতেও
প্রথম তিন ম্যাচে কোনো উইকেট পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ যুব ওয়ানডেতে ৪ উইকেট নিলেন ডানহাতি পেসার। প্রথম তিন ম্যাচে সাকল্যে ৪৪ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কাল অপরাজিত ৬৯ রান করলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ও তৃতীয় যুব ওয়ানডে মিলে ৩৮ রান ছিল সাইফ হাসানের। কাল ৫৪ রান করলেন এই ওপেনার।
প্রথম তিন ম্যাচে তেমন একটা অবদান না রাখতে পারা এই ত্রয়ীই কাল চতুর্থ যুব ওয়ানডেটা জেতালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড়দের দ্বিতীয় ওয়ানডে জয়ের দিনে ১৭১ রানের লক্ষ্যটা তারা পেরিয়ে গেল ৫৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই। এই জয়ে সাত ম্যাচ সিরিজে এখন ৩-১-এর অগ্রগামিতা। আগামীকাল পিটারমারিজবার্গেই পঞ্চম যুব ওয়ানডেটা জিতলে টানা চতুর্থ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ যুবদল।
মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ১১ ম্যাচে বাংলাদেশের যুবাদের নবম জয়ের ভিতটা গড়েছেন বোলাররাই। প্রথম দুই ম্যাচে মাত্র ১৮৪ ও ১২৮ রান করা প্রোটিয়া যুবারা কাল থেমেছে ১৭০ রানে। এই তিন ম্যাচেই ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।
কাল পিটারমারিজবার্গে দক্ষিণ আফ্রিকার বিপর্যয়ের শুরু রানআউটে। রিভালদো মুনস্যামি যখন ফিরলেন দলের রান মাত্র ১। ইনিংসটা ১৫ ওভার না গড়াতেই দক্ষিণ আফ্রিকানরা চতুর্থ উইকেট হারায় ৩০ রানে। সেখান থেকেই ৫৯ রানের জুটি গড়েন লিয়াম স্মিথ ও দায়ান গালিয়েম। ৩৭ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর কাইল ভেরেইন (৩৪*) এক প্রান্ত ধরে রেখে রানটাকে নিয়ে যান ১৭০ পর্যন্ত।
বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৩৩ রানে। ১৫ রান করে ফেরেন পিনাক ঘোষ। দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে
হাতের মুঠোয় এনে দেন সাইফ ও নাজমুল। ১২২ বলে ৬ চারে ৫৪ রান করে আউট হয়েছেন সাইফ, ৯৪ বলে ৬৯ রান করে অপরাজিত নাজমুল।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৭০/৯ (স্মিথ ৫৯, ভেরেইন ৩৪*, গালিয়েম ২৮; সাইফউদ্দিন ৪/৪২, রিফাত ১/১৯, সঞ্জিত ১/২৩, মেহেদী মিরাজ ১/২৯, মোসাব্বেক ০/২২, সালেহ ০/২৭)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪০.২ ওভারে ১৭২/২ (পিনাক ১৫, সাইফ ৫৪, নাজমুল ৬৯*, মেহেদী মিরাজ ৯*; মুল্ডার ১/২৬, গ্লোভার ১/২৯)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।
সিরিজ: ৭-ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৩-১-এ এগিয়ে।