জয় দিয়ে শুরু প্রস্তুতি
সিডনি সিক্সার্সের এমন অভিজ্ঞতা এবারই প্রথম। বিগ ব্যাশের প্রস্তুতি সারতে নামছে তারা, প্রবল উন্মাদনা ছড়িয়ে দলে টানা জেসন রয়ও খেলছেন সে ম্যাচ। নর্থ সিডনি ওভালের দর্শকেরা সেটা বুঝলে তো! নিউ সাউথ ওয়েলসের মাঠটি কাল যেন হয়ে উঠল মিরপুর। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ গর্জনে কাঁপল গ্যালারি। অস্ট্রেলিয়ার মাটিতে এমন সমর্থন বৃথা যায়নি। প্রস্তুতি ম্যাচে সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ।
অস্ট্রেলিয়ার প্রস্তুতি পর্বের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা প্রস্তুতির মেজাজেই খেলেছে বাংলাদেশ। দলের সেরা দুই অস্ত্র সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই ছিলেন বিশ্রামে। মোস্তাফিজুর রহমানও খেলেননি, কোনো প্রস্তুতি ম্যাচই তাঁর খেলার সম্ভাবনা নেই। তবু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা।
ইনিংসের প্রথম অংশে সিদ্ধান্তটা ভুল বলেই মনে হচ্ছিল। দুই ওপেনার ডেন হিউজ ও জেসন রয় রীতিমতো তাণ্ডবই শুরু করেছিলেন। ছয় ওভারেই বিনা উইকেটে ৬৪ রান তুলে নেয় সিক্সার্স। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারটাই ম্যাচে ফেরাল বিসিবিকে। তাঁর একমাত্র ওভারটিতেই আউট হয়েছেন হিউজ। তবে অন্য প্রান্তে ঠিকই আতঙ্ক ছড়িয়েছেন রয়। তাইজুল ইসলামের একটা বল তো স্টেডিয়ামেরই বাইরে পাঠিয়েছেন ইংলিশ ওপেনার। ১১ ওভারেই ১০০ ছুঁয়ে ফেলে বিগ ব্যাশের প্রথম চ্যাম্পিয়নরা।
পরের ওভারে তাসকিন আহমেদ ফেরান ২৩ বলে ৪২ রান করা রয়কে। এরপর আর গতি পায়নি সিক্সার্সের ইনিংস। শেষ ওভারে বোলিংয়ে এসে চমকে দিয়েছেন সৌম্য সরকার, মাত্র ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। ৯ উইকেটে ১৬৯ রানে শেষ হয় সিক্সার্সের ইনিংস।
সিডনি সিক্সার্স বিরতিহীনভাবে টুইট করে গেছে ম্যাচটি নিয়ে। বাংলাদেশ ইনিংসের আগে বৃষ্টি নামায় পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। সে লক্ষ্যে শুরুতেই ঝড় তুলেছেন সৌম্য, ৯ বলে এক ছক্কা ও তিন চারে করেছেন ২০। অন্য ওপেনার ইমরুল কায়েসের রান ৭ বলে ১২। ইয়োহান বোথার প্রথম ওভারেই ১৭ রান তুলেছেন দুজন। তবে ৩৭ রানে ৩ উইকেট হারানোয় একটু শঙ্কা জেগেছিল। কিন্তু তিন চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৮ রানে ৮ বল বাকি থাকতেই সহজেই জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ১৫ রানে।
আগামীকাল বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। তাই আজ কোনো অনুশীলন নেই দলের। দুপুর ১২টায় খেলোয়াড়েরা বসবেন মনোবিদ ফিল জনসির সঙ্গে।