জয় দিয়ে শুরু সাইফদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন বৃষ্টি হলেও মাতারার আকাশ কাল ছিল ঝকঝকে পরিষ্কার। উপভোগ্য আবহাওয়ায় আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপে শুভযাত্রা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
১৪৭ রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেনি বাংলাদেশ। ১৯ রানে ওপেনার মাহিদুলকে হারানোর পর দলকে এগিয়ে নেয় সাইফ-আফিফ হোসেনের দ্বিতীয় উইকেট জুটি। দুজন যোগ করেন ৪২ রান। ১ উইকেটে ৬১ থেকে স্কোরটা হুট করে ৩ উইকেটে ৬৮ হয়ে যাওয়ায় খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে সাইফ-রায়ান রাফসান ৭৪ রান যোগ করে দলকে নিয়ে যান জয়ের প্রান্তে। এরপর ১৪২ থেকে ১৪৬—এই ৪ রানের মধ্যে আরও ৩ উইকেট পড়লেও ৪১ বল বাকি থাকতে জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ। জহির খানের বলে উইকেটকিপার ইকরাম ফায়িজির ক্যাচ হওয়ার আগে বাংলাদেশ যুবদলের অধিনায়ক সাইফ করেন ৬৭ রান। ম্যাচসেরাও তিনি।
এর আগে ২৯তম ওভারে বোলিংয়ে আসা পেসার কাজী অনিকের বোলিংয়েই ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং। অনিক ৮ ওভারে ১ মেডেনে ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। ৪৮.৩ ওভারে আফগানরা অলআউট ১৪৬ রানে। সর্বোচ্চ ৩২ রান করেন নিসার ওয়াদাত।
আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।
সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৮.৩ ওভারে ১৪৬ (ওয়াদাত ৩২, নাভিন ২৭, পারভিজ ২৩; অনিক ৪/২২, মুকিদ ৩/২৯)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৩.১ ওভারে ১৫০/৬ (সাইফ ৬৭, রায়ান ৩২, আফিফ ১৯; জহির ২/২১)।