জয় দেখছে ইংল্যান্ড

সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ভারত বিপর্যস্ত হয়েছিল দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডরসন ও স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে বেসামাল করে দিয়েছে মইন আলি আর জো রুটের ঘূর্ণি। জয়ের জন্য ৪৪৫ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে চারটি উইকেট হারিয়েছে ভারত। আজ শেষ দিনে বাকি ছয়টি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফেরাতে পারবে স্বাগতিক ইংল্যান্ড।
অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখাতে না পারলে ভারতের এই টেস্ট বাঁচানোর আশা প্রায় নেই বললেই চলে। গতকাল চতুর্থ দিন শেষে চার উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৩৩ রান। তবে ইংল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ের মুখে ভারত যদি শেষ পর্যন্ত টেস্টটা ড্র-ও করতে পারে, তাহলে সেটাই হবে জয়ের সমান।
প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়ে ভারত পড়েছিল ফলোঅনের লজ্জায়। ইংল্যান্ড অবশ্য ভারতকে ফলোঅন করায়নি। দ্রুতগতির ব্যাট করে ২০৫ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারতকে ছুড়ে দিয়েছিলেন ৪৪৫ রানের কঠিন চ্যালেঞ্জ।
জবাবে সাবধানি শুরুই করেছিল ভারত। কিন্তু ২৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন, সেটিও রানআউটের খাঁড়ায়। মুরলি বিজয় সাজঘরে ফিরে প্যাড-গার্ড সবে খুলেছেন কি খোলেননি, সেই সময় মাত্র ২ রান করে আউট হয়েছেন চেতেশ্বর পূজারাও। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন শিখর ধাওয়ান (৩৭) ও বিরাট কোহলি (২৮)। কিন্তু দিনের শেষপর্যায়ে তাঁরাও ফিরেছেন সাজঘরে। দুটি উইকেট গেছে মইন খানের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন জো রুট।
দিন শেষে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন আজিনকা রেহানে। ৬ রান নিয়ে ব্যাট করছেন রোহিত শর্মা।