জয় দেখছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের সব রোমাঞ্চ নিয়েই যেন হাজির এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন। আর সেই রোমাঞ্চটা তাতিয়ে তাতিয়েই উপভোগ করছে ইংলিশরা। ম্যাচের দ্বিতীয় দিনের শেষ সেশনেই যে জয়টাকে প্রায় মুঠোবন্দী করে ফেলেছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড নেওয়ার পর ইংল্যান্ড অনেকটাই এগিয়ে গিয়েছিল। পরে স্টিভেন ফিন নিশ্চিত করে দিলেন, অস্ট্রেলিয়াকে জিততে হলে অলৌকিক কিছুই করতে হবে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে অস্ট্রেলিয়া করেছে ১৬৮, এগিয়ে আছে মাত্র ২৩ রানে। দুই বছর পর দলে ফিরে ফিন নিয়েছেন ৫ উইকেট, এর মধ্যে ক্লার্ক ও ভোজেসের উইকেট দুটি আবার পরপর দুই বলে। ৬২ বলে ৭৭ রান করে ডেভিড ওয়ার্নারই অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়াই করেছেন। আশার টিমটিমে প্রদীপ নিয়ে এখনো ৩৭ রানে অপরাজিত আছেন উইকেটকিপার পিটার নেভিল। স্টার স্পোর্টস।
এর আগে ৩ উইকেটে ১৩৩ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ওভারেই হারিয়ে ফেলে ২ উইকেট। তিন বলের মধ্যে ২ উইকেট নিয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া মিচেল জনসন। জো রুট (৬৩), মঈন আলী (৫৯) ও স্টুয়ার্ট ব্রডের (৩১) ব্যাটে শেষ পর্যন্ত ২৮১ রান করে ইংল্যান্ড।