ঠান্ডা আর ঝিরঝিরে বাতাস—তৃতীয় দিনে ডানেডিনে ফিরেছে পরিচিত আবহাওয়া। আগের দুই দিনেই যেখানে লড়াই করতে হয়েছে শ্রীলঙ্কাকে, সেখানে অনভ্যস্ত কন্ডিশনে সফরকারীদের অবস্থা যে ভালো নয়, সেটি অনুমান করাই যায়! আগের দিনের ১৯৭ রানের সঙ্গে আর ৯৭ রান যোগ করতেই বাকি ৬ উইকেটে খুইয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড দিন শেষে ১ উইকেটে করেছে ১৭১ রান। অর্থাৎ ৯ উইকেট হাতে রেখেই ৩০৮ রানের লিড স্বাগতিকদের।
কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখেও আগের দিন দেখেশুনে খেলে উইকেটে টিকে ছিলেন দিনেশ চান্ডিমাল। কাল প্রথম ওভারেই সাউদির দ্বিতীয় বলে আউট হয়ে যান তিনি। প্রথম স্লিপে ঝাঁপিয়ে পড়ে তাঁকে তালুবন্দী করেন গাপটিল। নিজের পরের ওভারেই ভিতানাগেকে ফিরিয়ে দেন সাউদি। এর পর আর তেমন কোনো জুটি গড়ে না ওঠায় তিন শর আগেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তবু যে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ২৯৭ রান জমাতে পারল, এর পেছনে আছে সপ্তম উইকেটে সিরিবর্ধনা-হেরাথ জুটির ৪৩ রান।
প্রথম ইনিংসে ১৩৭ রানের লিড নিয়েই নিউজিল্যান্ড বসে যায় চালকের আসনে, কাল তো ম্যাচ থেকে শ্রীলঙ্কাকে ছিটকে ফেলারই জোগাড় করেছেন দুই ব্যাটসম্যান টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান গাপটিল ৪৬ রান করে আউট হয়ে গেলেও ৭২ ও ৪৮ রানে অপরাজিত আছেন ল্যাথাম ও উইলিয়ামসন। ৯৯২ রান নিয়ে টেস্ট শুরু করা উইলিয়ামসন রঙ্গনা হেরাথকে দর্শনীয় এই ড্রাইভে সীমানাছাড়া করে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এ বছর তাঁর টেস্ট রান ১০৪০, এক পঞ্জিকাবর্ষে হাজার রান পেরোনো দ্বিতীয় কিউই ব্যাটসম্যান উইলিয়ামসন। প্রথম নামটি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এএফপি, ক্রিকইনফো।