সান্ত্বনার জয়টা তাহলে পেয়েই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা! অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয় পেতে এবি ডি ভিলিয়ার্সের দরকার ৭ উইকেট। ৩৮২ রান তাড়া করতে নেমে কাল শেষ বিকেলেই ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ফেলেছে। অ্যালেক্স হেলস ও নিক কম্পটনকে আউট করেছেন কাগিসো রাবাদা, অ্যালিস্টার কুককে মরনে মরকেল। আজ শেষ দিনে ইংল্যান্ডের দরকার আরও ৩৩০ রান, সেঞ্চুরিয়নের কঠিন হয়ে আসা পিচে সেটা করা অসম্ভবের কাছাকাছি।
কাকতালীয়ই বটে, সেঞ্চুরিয়নে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার কীর্তিটা ইংল্যান্ডের। ১৬ বছর আগের সেই টেস্ট অবশ্য ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে কলঙ্কের অধ্যায়গুলোর একটি। হানসি ক্রনিয়ের ইনিংস ঘোষণাতেই ওই সুযোগ পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। কে জানত, সেই ‘সাহসী’ সিদ্ধান্তের আড়ালে কলকাঠি নেড়েছে ম্যাচ পাতানোর ষড়যন্ত্র!
আজকের লক্ষ্যটা ইংল্যান্ডের ওই টেস্টের চেয়েও অনেক বড়। ডি ভিলিয়ার্স সে কৃতিত্বটা সবার আগে হাশিম আমলাকেই দেবেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর কাল আরেকটা সেঞ্চুরিও প্রায় পেয়েই গিয়েছিলেন। ৯৬ রানে আউট হয়ে যাওয়ায় সেটা আর হয়নি।
আমলার জোড়া ‘সাফল্যে’র পেছনের রহস্যটাও বোধ হয় বোঝা যাচ্ছে। অধিনায়কত্বের ‘অভিশাপ’টা ডি ভিলিয়ার্সকে ছেড়ে দেওয়াতেই কি বদলে গেলেন তিনি! আমলার মনে বিশ্বাসটা আরও পোক্ত হতে পারে ডি ভিলিয়ার্সের দুর্দশা দেখে। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে টেস্টে জোড়া শূন্য পাওয়ার ‘গৌরব’ এর আগে একজনেরই ছিল। ১৯১২ সালে ‘পেয়ার’ পেয়েছিলেন লুইস ট্যানক্রিড। সেটিও ইংল্যান্ডের সঙ্গেই।
তবে কাল সকালটা নিজের করে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। আগের দিনের সঙ্গে মাত্র ২ রান যোগ করে আউট হয়ে গেছেন স্টিভেন কুক, ডি ভিলিয়ার্সও ফিরে গেছেন পর পরই। দুজনই শিকার অ্যান্ডারসনের। ডুমিনিও বেশিক্ষণ টেকেননি, ফিরে গেছেন ২৯ রানে। এরপর টেন্ডা বাভুমাকে নিয়ে ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন আমলাই। আমলা আউট হয়ে গেলেও সেঞ্চুরি
পেতে পারতেন বাভুমা। কিন্তু বেরসিক বৃষ্টির জন্য তাঁকে অপরাজিত থাকতে হয়েছে ৭৮ রানে। টেন ক্রিকেট।