স্টিভেন স্মিথ কি ইতিহাসের মনোযোগী ছাত্র?
হয়ে থাকলেও সেটা ভুলেই আজ মাঠে নামবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কারণ ইতিহাস যে আজ তাঁদের বিপক্ষে। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়া কখনো জয় পায়নি, এটা জেনেই খেলতে নেমেছিলেন। আর তৃতীয় দিন শেষে যে অবস্থা, জয় পেতে হলে রান তাড়ার নতুন ইতিহাস গড়তে হবে অস্ট্রেলিয়াকে। ডিন এলগার ও জেপি ডুমিনির দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ৪ উইকেট হাতে রেখেই ৩৮৮ রানের লিড পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
২ উইকেটে ১০৪ রানে দিন শুরু করে মাত্র ৪ উইকেট হারিয়ে রানটা আরও ২৮৬ বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। কৃতিত্ব এলগার-ডুমিনি জুটির। এক প্রান্তে ডুমিনি ছড়িয়েছেন স্ট্রোকের দ্যুতি, অন্য প্রান্তে এলগার দেখিয়েছেন কীভাবে টেস্টে টিকে থাকতে হয়। সম্পূর্ণ বিপরীতধর্মী ব্যাটিংয়েই দুজনে পেয়েছেন টেস্টে নিজেদের পঞ্চম সেঞ্চুরি। ৮১ রানে একবার জীবন ফিরে পেয়েছেন এলগার। অন্য প্রান্তে কোনো সুযোগই দেননি ডুমিনি। এলগারের ২০ ওভার পর নেমেও প্রায় ১৪ ওভার আগেই সেঞ্চুরি পেয়ে গেছেন। তবে আউট হয়েছেন একটা বাজে শটে, পিটার সিডলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ততক্ষণে অবশ্য তৃতীয় উইকেট জুটিতে ২৫০ রান পেয়ে গেছে প্রোটিয়ারা, লিড তখনই ২৯৩।
খানিক পর এলগারও আউট হন ক্যারিয়ার-সেরা ১২৭ রান করে। তিনি ফেরার কিছুক্ষণের মধ্যেই দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু কুইন্টন ডি কক ও ভারনন ফিল্যান্ডার সপ্তম উইকেটে ৩৮ রানের জুটিতে দিন শেষ করেছেন ৩৯০ রানে। তাতেই জিততে হলে দেশের মাটিতে রান তাড়ার রেকর্ড (আগের রেকর্ড ৩৬৯ রান) করতে হবে অস্ট্রেলিয়াকে।
আজ নিশ্চয়ই লক্ষ্যটা অস্ট্রেলিয়ার ধরাছোঁয়ার বাইরে নিতে চাইবেন ডি ককরা। সূত্র: স্টার স্পোর্টস ২।