জয় দেখছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র জাদেজার বলটি অ্যালিস্টার কুকের প্যাডে লাগতেই সমস্বরে আবেদন। সাড়া না মেলায় রিভিউ, তাতেও লাভ হলো না। কুক নটআউট। কিন্তু পরের বলে যে আম্পায়ারই আঙুল তুলে দিলেন! এবার বোলার রবিচন্দ্রন অশ্বিন। এবার নিজের নেওয়া রিভিউ বাঁচাল কুককে। পরপর দুই বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেও লাভ হয়নি, তাই আর ঝুঁকি নিলেন না অশ্বিন। একটু পরে সরাসরি বোল্ড করেই কুক-ঝামেলা চুকালেন।

অধিনায়কের শতচ্ছিন্ন চেহারাটা ইংল্যান্ডের পুরো ব্যাটিংয়েরই চিত্র। প্রথম দুবার রিভিউ কাজে না এলেও দিনের শেষ ওভারে ডিআরএসের পূর্ণ ব্যবহার করেছে ভারত। অশ্বিনের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন বেন স্টোকস। ৪ উইকেটে ৭৮ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড, ইনিংস পরাজয় এড়াতেই আরও ৫৬ রান দরকার সফরকারীদের। চোটের কারণে ওপেনার হাসিব হামিদের ব্যাটিংয়ে নামতে না পারার দুশ্চিন্তা তো আছেই!

এক অশ্বিনকেই সামলানো যাচ্ছে না, এখন আবার হাজির জয়ন্ত যাদব! আর রবীন্দ্র জাদেজা তো ছিলেনই। পরশু মূল ব্যাটসম্যানদের ব্যর্থতা সামাল দিয়েছিলেন অশ্বিন। কাল সে ব্যাটনটা তুলে নিলেন জাদেজা ও জয়ন্ত। অষ্টম উইকেট জুটিতে এ দুজনের ৮০ রানেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথম টেস্ট সেঞ্চুরিটা যখন হাতের নাগালে, তখনই ছক্কা মারতে গিয়ে ‘নার্ভাস নাইনটিজে’র শিকার হলেন জাদেজা। তবে জয়ন্ত নিজের প্রথম ফিফটিটা পেয়েছেন, দলকেও এনে দিয়েছেন চার শ ছাড়ানো স্কোর। স্টোকসের তৃতীয়বারের ইনিংসে ৫ উইকেট-প্রাপ্তি সম্ভবত বৃথাই যাচ্ছে। ক্রিকইনফো।