জয় নিয়ে ফেরার আত্মবিশ্বাস ছিল আফিফের

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন ও নুরুল হাসানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিতটা আগের ম্যাচেই দিয়ে রেখেছিলেন আফিফ হোসেন। ১৭ বলে তাঁর অপরাজিত ২৩ রানের ইনিংসেই বাংলাদেশের স্কোর বেড়েছিল আরেকটু।

ম্যাচের মাঝপথে সে স্কোরকে একটু কম মনে হলেও শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে সেটিই। আজ যখন নামলেন, রান তাড়ায় চাপে পড়ে গেছে বাংলাদেশ। তবে আফিফের লক্ষ্য ছিল, শেষ করে আসবেন ম্যাচটা। ক্রিজে শেষ পর্যন্ত থাকলে প্রয়োজনীয় রান রেট যতই হোক, তুলে ফেলতে পারবেন—এমন আত্মবিশ্বাসও ছিল তাঁর।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরেও আফিফের একটা ৫ বলে ১৪ রানের ‘ক্যামিও’ ইনিংস ছিল। আরেক ম্যাচে ২৫ বলে ১৪ রান করলেও জেতাতে পারেননি দলকে।

এদিন নামার সময় তাঁর প্রতি বার্তা ছিল ‘স্বাভাবিক’ খেলার, ‘নামার সময় (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই বলেছিলেন, গিয়ে যেন দু–তিন ওভার স্বাভাবিকভাবে খেলি। কিন্তু আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকা, ম্যাচটা শেষ করে আসা। ব্যাটিংয়ে নেমে আমি উইকেট বোঝার চেষ্টা করেছি। উইকেট কেমন করছে, সেটা বুঝে খেলার চেষ্টা করেছি।’

বাংলাদেশের জয়ে ব্যাট হাতে দারুণ ভূমিকা রাখেন আফিফ
ছবি: প্রথম আলো

এরপর প্রয়োজনীয় রান রেট নিয়ে ভাবেননি আফিফ, ‘আমার বিশ্বাস ছিল, প্রয়োজনীয় রান রেট যা–ই থাকুক না কেন, উইকেটে শেষ পর্যন্ত টিকতে পারলে আমি ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব।’

আফিফ এ ক্ষেত্রে দারুণ সহায়তা পেয়েছেন নুরুলের, ‘(নুরুল) সোহান ভাই দারুণ ব্যাটিং করেছেন। তাঁর সঙ্গে ব্যাটিংয়ের সময় কীভাবে উইকেট না দিয়ে রান তোলা যায়, সে পরিকল্পনা ছিল। তাঁর দিক থেকে ভালো সমর্থন পেয়েছি আমি। ফলে আমার ওপর তেমন কোনো চাপ পড়েনি আর।’

প্রথম ম্যাচে কম রানের সম্বল নিয়েও জেতার পর আজ রান তাড়ায় চাপে পড়েও ম্যাচ বের করেছে বাংলাদেশ।

আফিফ বলছেন, সাম্প্রতিক সময়ের সিরিজগুলো আত্মবিশ্বাস জুগিয়েছে তাঁদের, ‘শেষ কয়েকটি সিরিজে আমরা অনেক ভালো করেছি। জিম্বাবুয়েতে ভালো করেছি, তার আগের সিরিজটিতেও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। সিনিয়র যাঁরা আছেন, তাঁরাও আমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য করছেন। খুব ভালো একটা পরিবেশ এখন আমাদের দলে আছে।’

প্রথম ম্যাচেও ব্যাট হাতে ভালো ইনিংস খেলেছিলেন আফিফ
ছবি: প্রথম আলো

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। পরের লক্ষ্য তাই সিরিজ জয়, ‘অবশ্যই আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন সামনের ম্যাচ নিয়েও চিন্তা রাখছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশা আল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’