জয়-পরাজয় পরে, স্কোরবোর্ডে তো কিছু থাকতে হবে

ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর কী কথা থাকতে পারে। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উড়ে যাওয়ার পর ক্রাইস্টচার্চে কাল ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। কিন্তু সেটি করতে হলে সবার আগে ব্যাটসম্যানদের কাছ থেকে দায়িত্বশীলতা আশা করে দল। ডানেডিনে সেটিই যে খুব বাজেভাবে চোখে পড়েছে। ব্যাটসম্যানরা যেভাবে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, তাতে আর যা–ই হোক, কোনো ধরনের লড়াইয়ের প্রত্যাশা আসলে বৃথা।

বোলিং কোচ ওটিস গিবসন এমনটাই ভাবছেন। জয়-পরাজয় অনেক পরের কথা। আগে তো স্কোরবোর্ডে লড়াই করার মতো কিছু থাকতে হবে, ‘আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা যদি স্কোরবোর্ডে ২৬০-২৭০ রান দিতে পারে, তাহলে ভালো করার মতো মোটামুটি ভালো বোলিং আক্রমণ আমাদের আছে। আগে আমাদের ২৬০-২৭০ রান করতে হবে।’

অধিনায়ক তামিমের ব্যাট ভরসা হতে পারেনি।
ছবি: এএফপি

গিবসনের সবচেয়ে খারাপ লেগেছে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন দেখে, ‘ব্যাটিংয়ের সময় আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারিনি। আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। উইকেট বিলিয়ে দিয়ে এসেছি বেশ কিছু ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, আমরা আশা করছি লাফিয়ে ওঠা বলে কীভাবে খেলতে হয়, ব্যাটসম্যানরা নিজেদের ভুল থেকে তা দ্রুত শিখে নেবে।’

ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে—কথাগুলো মোহাম্মদ মিঠুনের। তিনি নিজেও ‘দায়িত্বহীনতা’ থেকে মুক্ত নন। ডানেডিনের প্রথম ওয়ানডেতে তিনিও খেলেছেন। মিডল অর্ডারে নেমে ঠেকাতে পারেননি দলের ভরাডুবি। ২৭ বলে ৯ রান করে ফিরেছেন রানআউট হয়ে। আজ ক্রাইস্টচার্চ থেকে পাঠানো বিসিবির এক অডিও বার্তায় ডানেডিনের ব্যর্থতা ভুলে সামনে তাকানোরই তাগিদ দিয়েছেন, ‘এ ধরনের উইকেটে ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের ভালো করতে হবে। গত ম্যাচ খুবই বাজে ছিল। কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। এর আগেও বলা হয়েছে আমরা এত খারাপ দল নই। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইব আগের ম্যাচের সবকিছু ভুলে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার।’

মুশফিক নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি।
ছবি: এএফপি

মিঠুনও গিবসনের মতোই স্কোরবোর্ডে একটা ভালো সংগ্রহ চান। আর সেটি করতে হলে কাদের ভূমিকা নিতে হবে, সেটিও জানা তাঁর, ‘ব্যাটসম্যানদের একটু দায়িত্বশীল হতে হবে। সবার জায়গা থেকে সেরাটা দিতে হবে। নিউজিল্যান্ডের ম্যাচগুলো সাধারণত হাই-স্কোরিং হয়। অবশ্যই ২৬০-২৭০ না করতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করা কঠিন। উইকেট যেমনই হোক, আমাদের খাপ খাইয়ে নিতে হবে।’

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে ডানেডিনের পুনরাবৃত্তি হবে না বলেই আশা মিঠুনের, ‘সাধারণত আমরা যেটা জানি ক্রাইস্টচার্চের উইকেটে অন্যান্য উইকেটের তুলনায় বাউন্সটা একটু বেশি থাকে, তবে গতি থাকে। গতি যদি বেশি থাকে, তাহলে ব্যাটসম্যানদের জন্য কিছুটা সুবিধা, কারণ এতে বল ব্যাটে আসে। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে ডানেডিনের পুনরাবৃত্তি হবে না।’