জয়ই ভাবছেন ওয়ার্নার

বাংলাদেশে আসার আগে টানা চার টেস্টে মাত্র একটি ফিফটি। সেই ডেভিড ওয়ার্নারই ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্টে করে ফেললেন পরপর দুই সেঞ্চুরি। তবে ম্যাচ না জিতলে সেঞ্চুরি যে মূল্যহীন, মিরপুর টেস্টেই তা বুঝেছেন। ওয়ার্নার তাই এখনই তৃপ্ত হচ্ছেন না। তাঁর চোখ চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজ ড্র করায়।
‘আমার জন্য এটা সন্তুষ্টির, তবে আমরা এখানে ম্যাচ জিততে এসেছি। আর সবার মতোই আমি দলের জন্য আমার কাজটা করছি। কাল (আজ) আমাদের চেষ্টা থাকবে লিডটাকে অন্তত এক শ রানের করা’—তৃতীয় দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলেছেন অস্ট্রেলীয় ওপেনার।
টেস্টে স্ট্রাইক রেট ৭৭.৩১। অথচ সেঞ্চুরি করতে ওয়ার্নার খেলেছেন ২০৯ বল। ২৩৪ বলে ১২৩ রানের ইনিংস। ওয়ার্নারের ব্যাটিংয়ের সঙ্গে না গেলেও টেস্ট ক্রিকেট এটাই দাবি করে। তা টেস্টে নিজের সবচেয়ে ধীরলয়ের সেঞ্চুরিটা করতে কতটা কষ্ট করতে হলো ওয়ার্নারকে? ‘ওরা যেভাবে ফিল্ডিং সাজিয়েছিল, সে কারণেই এটা হয়েছে। তারা আক্রমণাত্মক ফিল্ডিং সাজায়নি। আমারও তাই দরকার পড়েনি ক্রিজ ছেড়ে গিয়ে খেলার। এক এক করে নিয়েই খেলতে পেরেছি। কাজটা সহজ ছিল না। তবে আমি কাজটা ভালোভাবেই করতে পেরেছি’—বলছিলেন ওয়ার্নার।
আগের দিন প্রচণ্ড গরমে ভুগেছেন। বৃষ্টির পর খেলা শুরু হলে কালও উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রাও ছিল যথেষ্ট। ওয়ার্নারের ভাষায়, ‘কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল। গরম মনে হচ্ছিল ৩০ ডিগ্রির বেশি। আমরাও এর জন্য প্রস্তুতি নিয়েছি।’
২০তম সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের একটা অভিজাত শ্রেণিতে ঢুকে গেছেন ওয়ার্নার। তবে এ নিয়ে তৃপ্তিতে ডুবে না গিয়ে দলের জন্য অবদান রাখার দিকেই তাঁর চোখ, ‘এ মুহূর্তে আমার কাজ হলো দলের জন্য নিজের সেরাটা দেওয়া। দেশের হয়ে যেকোনো উপলক্ষে ব্যাট উঁচিয়ে ধরতে পারাটাই বিশেষ কিছু। সঙ্গে যখন জয়টাও আসে তখন সেটা আরও মধুর হয়।’
মিরপুর টেস্টের পর ওই সেঞ্চুরিটাকেই বলেছিলেন ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি। তবে কালকের পর সেরা হয়ে গেছে চট্টগ্রাম টেস্টে ১২৩ রানের ইনিংসটি, ‘ধৈর্যের কথা বললে অবশ্যই এটাই সেরা সেঞ্চুরি। আমি সব সময়ই এই কন্ডিশনে লম্বা সময় ব্যাটিং করতে চেয়েছি এবং সত্যি বলতে কি এ রকম গরমে আমি এর আগে খেলিনি। মাঠে দাঁড়িয়ে থাকাটাই চ্যালেঞ্জিং ছিল।’ গরমের সঙ্গে লড়াইয়ে দলের দুই ফাস্ট বোলারকেও কৃতিত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
৭২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। আজ লক্ষ্য সেটি যতটা সম্ভব বাড়ানো। বোলিং প্রান্ত কিছুটা অমসৃণ হয়ে উঠলেও ওয়ার্নারের চোখে উইকেট এখনো বেশ ভালো আছে। তবে ওয়ার্নারের কথা আশা জোগায় স্পিনারদেরও, ‘উইকেটের মাঝের অংশ এখনো ভালো। স্পিনারদের অমসৃণ জায়গাটুকু ব্যবহার করতে হবে।’
ওয়ার্নার কাল আউট হয়েছেন আইপিএল-সতীর্থ মোস্তাফিজুর রহমানের বলে। মোস্তাফিজের প্রতিভা ও সামর্থ্য নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। এক বাক্যে বলেও দিলেন, ‘ও অসাধারণ এক বোলার।’ এ ধরনের বোলারদের যত্নটা কীভাবে নিতে হয় জানালেন সেটাও, ‘বাংলাদেশের উচিত ওর প্রতি খেয়াল রাখা। এমন যদি হয় সামনে অনেক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট আছে, তাহলে অবশ্যই এটা ঠিক করে নিতে হবে যে ওয়ানডে, টেস্ট না টি-টোয়েন্টি কোনটাকে প্রাধান্য দিতে হবে। এটা নিয়ে ওর সঙ্গে কথা বলতে হবে।’
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের ভারটা ওয়ার্নার ছেড়ে দিয়েছেন তাঁর আইপিএল-সতীর্থের ওপরই, ‘ও ব্যতিক্রমধর্মী এক বোলার। তিন ধরনের ক্রিকেটই খেলবে নাকি যেকোনো এক বা দুই ধরনের...সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’