জয়ই শেষ কথা

কোচ, অধিনায়ক, খেলোয়াড়—সবার কথাই মিলে যাচ্ছে একবিন্দুতে। গত এক বছরে বাংলাদেশ দলের আসল পরিবর্তনটা এসেছে মানসিকতায়। সামর্থ্যের সীমাটা এখন প্রায় সবারই জানা।
আলোচনার সূত্রপাত চন্ডিকা হাথুরুসিংহের গতকালের সংবাদ সম্মেলনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে বলছিলেন, গত বছর নভেম্বর-ডিসেম্বরের জিম্বাবুয়ে সিরিজ আর এবারের জিম্বাবুয়ে সিরিজের মাঝের সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পরিবর্তনটা নাকি তিনি দেখছেন মানসিকতায়। কোচের ভাষায়, ‘আগে আমরা জানতাম না আমাদের জন্য আকাশটা কত উঁচুতে। এখন খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস আসতে শুরু করেছে এবং তারা নিজেদের প্রমাণও করেছে। ক্রিকেটে মানসিকতা অনেক বড় ব্যাপার।’
মানসিকতায় পরিবর্তন যে আসছে, সাকিব আল হাসান আগেই সেটি বলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এখন আর জয়-টয় নিয়ে ভাবেন না তিনি। জয়টাকে কত দাপুটে করা যায়, সেটাই ব্যাপার। সাকিবের সাহসী মানসিকতা উৎসাহ পাচ্ছে কোচের, ‘একজন খেলোয়াড়ের এ রকম মানসিকতা থাকা ভালো। এটাই আত্মবিশ্বাস। নিজেদের গেমপ্ল্যান অনুযায়ী খেললে যেকোনো দলকেই বড় ব্যবধানে হারাতে পারব।’
সম্ভাবনার আকাশটাকে আগের তুলনায় উঁচুতে দেখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ দলের সিনিয়র ক্রিকেটাররাও। ‘আমিও তাই বলব। আমরা যে কয়টা সিরিজই জিতি না কেন, মানসিকতাটা ইতিবাচক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’—বলেছেন মাশরাফি। তামিম ইকবালের কথা, ‘কোচ যা বলেছেন এক শ ভাগ সত্যি। ভালো খেললে আত্মবিশ্বাস বেশি থাকে, মানসিকতা ভালো থাকে। গত তিনটি সিরিজে আমরা ভালো খেলেছি। এক বছর আগের তুলনায় এখন আমাদের মানসিকতাও অনেক ইতিবাচক।’
>গত বছর নভেম্বর-ডিসেম্বরের জিম্বাবুয়ে সিরিজ আর এবারের জিম্বাবুয়ে সিরিজের মাঝের সময়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পরিবর্তনটা কোচ হাথুরুসিংহে দেখছেন মানসিকতায়
তবে মাশরাফি-তামিম দুজনই মনে করেন, শুধু ইতিবাচক মানসিকতা দিয়ে ম্যাচ জেতা যায় না। মাঠেও ভালো খেলতে হবে। ‘প্রতিপক্ষ যে-ই হোক, মাঠে আমাদের কষ্ট করেই জিততে হবে। জিম্বাবুয়ে যে কখনো আমাদের সঙ্গে ভালো খেলেনি, তা তো না’—বলেছেন তামিম। আর অধিনায়ক তো যেন একটা সতর্কবার্তাই দিলেন দলের কাছে, ‘ছোট ভুলের জন্যও অনেক সময় বড় মাশুল দিতে হয়। জিম্বাবুয়েকে ছোট করে দেখে একেবারে নিশ্চিন্ত হয়ে না যাওয়াই ভালো। খেলার মধ্যে থাকায় ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। আমরা তো গত কিছুদিন লাল বলেই খেললাম!’
মুশফিকুর রহিমেরও এটাই শেষ কথা, ‘গত এক বছরের পারফরম্যান্সের সুবাদে অবশ্যই এখন আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে ওয়ানডে সিরিজ জিতেছি, তা তো আমাদের উন্নতিই প্রমাণ করে। তবে এটাও মনে রাখতে হবে, গত চার মাসে আমরা কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি।’ বড় দলকে হারাতে যা যা করতে হয়, জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলেও তার সবকিছুরই প্রয়োজন দেখেন টেস্ট দলের অধিনায়ক, ‘আমাদের সবই করতে হবে। কারণ চাপটা আমাদের ওপর, জিম্বাবুয়ের ওপর নয়।’
চাপ যতই থাকুক, জিম্বাবুয়ের বিপক্ষে এখন জয় অবধারিত ধরেই মাঠে নামে বাংলাদেশ। হারলেই বরং বড় খবর। সমস্যা হলো, এ রকম সিরিজে সবচেয়ে কঠিন নিজেদের উজ্জীবিত রাখা। অস্ট্রেলিয়া-ভারতের মতো দলের বিপক্ষে জিতলে প্রশংসা-স্তুতির বৃষ্টিতে ভেজা যায়, জিম্বাবুয়েকে হারালে তো তা নয়! মুশফিক অবশ্য জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সবার এই দৃষ্টিভঙ্গিকেই মনে করেন বড় প্রেরণা, ‘ওদের বিপক্ষে জিতলে কোনো কৃতিত্ব নেই, কিন্তু হারলে অনেক কথা শুনতে হয়। মানুষ যে ধরেই নিয়েছে আমরা জিম্বাবুয়েকে হারাব, এটাই সবচেয়ে বড় প্রেরণা হওয়া উচিত আমাদের। তাদের বিপক্ষে বিশাল ব্যবধানে জেতাই লক্ষ্য হওয়া উচিত।’
কিন্তু দাপুটে জয়, বিশাল ব্যবধান—এই শব্দগুলোতে অবশ্য প্রবল আপত্তি মাশরাফির। ব্যবধান নয়, অধিনায়কের চোখে জয়টাই আসল, ‘আমার কাছে জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা যে ব্যবধানেই আসুক। লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমে যাতে ম্যাচ না হারি।’
গত এক বছরে বাংলাদেশ দলের বদলে যাওয়া মানসিকতায় জয়টাই তাহলে শেষ কথা!