জয়টাই তুলে নিল অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে ছিল বৃষ্টি। চতুর্থ দিনের খেলার একটা বড় অংশ বৃষ্টি খেয়ে ফেলায় স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ডও। তবে সেই স্বপ্ন জয়ের কিনা, তা নিয়ে মতভেদ থাকতেই পারে। টেস্ট ক্রিকেটের ইতিহাসেই যেখানে চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড নেই, সেখানেই কিউইদের লক্ষ্যমাত্রা কিনা ৫০৪! তবে চতুর্থ দিনের বৃষ্টি আর টপ অর্ডারের ব্যাটিং অন্তত টেস্টটা ড্র করার স্বপ্ন দেখিয়ে থাকতে পারে তাদের। কিন্তু আজ পঞ্চম দিন নিউজিল্যান্ডের বাকি ৭ উইকেট তুলে নিতে একেবারেই কষ্ট করতে হয়নি অস্ট্রেলিয়ার। কিউদের ২৯৫ রানে গুটিয়ে দিয়ে তাদের জয় ২০৫ রানের। তবে স্মিথ-বাহিনীর দুর্দান্ত জয়টি কিছুটা হলেও বিতর্কের কালি মেখেছে আম্পায়ারের একটি সিদ্ধান্তে।
নিউজিল্যান্ডের পক্ষে লড়েছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৮০ রানের ইনিংসটি তিনি খেলেছেন ৮০ বলে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অস্ট্রেলীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেললেও যোগ্য সঙ্গী তিনি পাননি। পঞ্চম দিনে গ্যাবার উইকেটও হয়ে পড়েছিল অননুমেয়। সেই সঙ্গে যোগ হয়েছিল নাথান লায়নের দুর্দান্ত অফব্রেক বোলিং।
ম্যাককালামের বিপক্ষে দেওয়া আম্পায়ার নাইজল লংয়ের সিদ্ধান্তটি বিতর্ক ছড়িয়েছে। মিচেল মার্শের বলটি ম্যাককালামের ব্যাটের ভেতরের অংশ ছুঁয়ে গিয়েছিল কিনা, সেটা নিয়েই সন্দেহটা ছিল। টেলিভিশন রিপ্লেতে দেখা গেল নাইজল লংয়ের সিদ্ধান্তটা ভুলই ছিল। কিন্তু ততক্ষণে যে ডিআরএসেরই কোটা শেষ কিউইদের!
লায়ন ৬৩ রানে নিয়েছেন ৩ উইকেট। মিচেল মার্শ, মিচেল স্টার্ক—দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট। জনসন আর হ্যাজেলউড ভাগাভাগি করেছেন নিউজিল্যান্ডের বাকি দুটি উইকেট।
পঞ্চম দিনের শুরুটা হয়েছিল ম্যাককালাম-টেলর যুগলে। কিন্তু টেলর নিজের ইনিংসটা বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি। তাঁর ওপর অনেক প্রত্যাশা থাকলেও মাত্র ২৫ রানেই শেষ হয় তাঁর ইনিংসটি। এরপর বিজে ওয়াটলিং ও জিমি নিশাম—ব্যর্থ হন দুজনেই। শুরু হয় ম্যাককালামের একক লড়াই। ১০টি চার ও ২টি ছয়ে ৮০ বলে সাজানো তাঁর ৮০ রানের ইনিংসটি ‘ভুল’ সিদ্ধান্তে শেষ হয়ে যাওয়ার পর বাকি কিউই উইকেটগুলো তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি অস্ট্রেলীয় বোলারদের। শেষ দিকে মার্ক ক্রেইগের ২৬ আর ট্রেন্ট বোল্টে ১৫ অস্ট্রেলিয়ার নিশ্চিত জয়টাকে দেরিই করিয়েছে কেবল।
এই জয়ে ব্রিসবেনে নিজেদের ২৭ বছরের রেকর্ডটা অক্ষুণ্ণই রাখলো অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর এই মাঠে কোনো টেস্ট হারেনি তারা।