জয়ধ্বনি সীমানা ছাড়িয়ে

কী দারুণভাবেই না মাশরাফিরা বদলে দিলেন পুরো ছবিটা। এই তো বছর খানেক আগেই, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে দ্বিতীয় সারির একটা দল পাঠিয়েছিল ভারত। তারাই এখান থেকে সিরিজ জিতে ফেরায় নাক-উঁচু ভাবটা আরও বেড়েছিল ভারতের। ভাবখানা যেন, এ আর এমন কী!
সেই হারের ধাক্কা সামলে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। দারুণ খেলেছে বিশ্বকাপেও, সেটি যদিও থেমে গেছে কোয়ার্টার ফাইনালে ওই ভারতের কাছে বিতর্কিত এক ম্যাচে হেরে। তারপর ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই। এত কিছুর পরও এবার বাংলাদেশ সফরে পুরো শক্তির ভারত আসবে কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত অবশ্য পুরো শক্তির দলই এসেছে। আর ধোনি-কোহলি-রোহিত-ধাওয়ানদের নিয়ে গড়া সেই ভারতকেই পরপর দুই ম্যাচে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ। চিরকাল যারা বাংলাদেশকে ‘পুঁচকে’ দল ভেবে উপেক্ষার চোখে দেখেছে, সেই ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশ-বন্দনা শুরু হয়েছিল প্রথম ম্যাচটি জয়ের পরই। পরশুর ম্যাচে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর তো রীতিমতো প্রশংসা-বন্যায় ভাসানো হচ্ছে মাশরাফিদের। পরপর দুই ম্যাচে বল হাতে যিনি ভারত-বধের নায়ক, সেই মুস্তাফিজ এখন ভারতীয় সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচিত নাম।
মাশরাফিদের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারও। নিজের দেশের পরাজয়ের হতাশা সরিয়ে রেখে বাংলাদেশকে তিনি দিলেন প্রাপ্য সম্মানটুকু, ‘গত দুই বছরে ওদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। বিশ্বকাপে ওরা দুর্দান্ত খেলেছে। দারুণভাবে রান তাড়া করেছে। আমরা ওদের দুর্দান্তভাবে তিন শ রান তাড়া করতে দেখেছি। মুশফিক, সাকিব, তামিমরা এখন অনেক পরিণত। বাংলাদেশ এখন সত্যিই খুব ভালো দল। ওদের ব্যাটিং ভালো। পেস, সুইং, স্পিন মিলিয়ে বোলিংয়ে দারুণ বৈচিত্র্য। এ মুহূর্তে ওরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’
দারুণ দল হয়ে ওঠার পেছনে যে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও বড় ভূমিকা আছে এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন সেটাও, ‘বাংলাদেশের দর্শক সত্যিই অনন্য, অসাধারণ। তারা সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে থেকেছেন। দলের পারফরম্যান্স ভালো-মন্দ যাই হোক দলকে উৎসাহ দিয়ে গেছেন। ভালো লাগছে এই ভেবে যে বাংলাদেশের দর্শকেরা এত দিনে তাদের ভালোবাসার প্রতিদান পেতে শুরু করেছেন।’
এই সিরিজ সামনে রেখে স্টার স্পোর্টস একটা বিজ্ঞাপন বানিয়েছে যেখানে বাংলাদেশকে দেখানো হয়েছে ক্রিকেটের ‘বাচ্চা’ দল হিসেবে। তবে পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ সেই উপহাসের জবাব দিয়েছে বলে মনে করেন গাভাস্কার, ‘এখন আর কেউ ওদের বাচ্চা বলতে পারবে না। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডে তাদের দুটি জয় দেখুন না। দুটি জয়ই তো প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দেওয়া। ব্যবধান দেখুন—ভারত তো দাঁড়াতেই পারেনি। বাংলাদেশ যে মানের ক্রিকেট খেলেছে আমাদের উচিত ওদের প্রাপ্য সম্মানটা দেওয়া। আর আমরা শুধু আশা করতে পারি শেষ ওয়ানডেতেও হেরে ভারত যেন কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না করে।’
গাভাস্কারের এই বাংলাদেশ-মুগ্ধতাটা ব্যক্তিগত। তবে দ্বিতীয় ম্যাচেও ভারতকে হেসেখেলে হারিয়ে দেওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমজুড়েই বাংলাদেশ-বন্দনা। দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় ‘বাংলাদেশ ভারতকে উড়িয়ে দিয়েছে, অবলীলায়’—এই শিরোনামের খবরে লেখা হয়েছে, ‘এটা কোনো অঘটন নয়। সেই দিন চলে গেছে। এখন আর ওরা সাদামাটা দল নয়, ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি।’ এনডিটিভির অনলাইন সংস্করণের শিরোনাম—‘বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, মুস্তাফিজ ডোবালেন ভারতকে।’
মুস্তাফিজই সবচেয়ে আলোচিত নাম ছিলেন দেশটির বাংলা দৈনিকগুলোতেও। সবচেয়ে বড় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় কাল লেখা হয়েছে, ‘আজকের পর মুস্তাফিজুর রহমানকে অনায়াসে সাতক্ষীরা “সায়নাইড” বলে ডাকা যেতে পারে। গত পাঁচ দিনে দুটো ম্যাচ খেলে ১১টা উইকেট নিয়েছেন। দুটো ম্যাচ মিলিয়ে দু-দুবার হ্যাটট্রিকের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। এম এস ধোনি থেকে সুরেশ রায়না কাউকে পাল্টা মারের বিষ ছড়াতে দেননি। “সায়নাইড” তো তিনি বটেই। তাঁর স্লোয়ার কাটারগুলো যখন দুঁদে ভারতীয় ব্যাটিংয়ের টুটি ছিঁড়ে নেয়, নিঃশব্দ মৃত্যুদূতের বাইরে মুস্তাফিজুরকে আর কিছু মনে হয়নি।’ আরেক বাংলা দৈনিক আজকাল তাঁকে ‘সাতক্ষীরার ওয়াসিম আকরাম’ উল্লেখ করে লিখেছে, ‘...সাতক্ষীরার সেই রোগা ছিপছিপে ছেলেটি৷ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তাঁর হাত থেকে বেরোল বিষাক্ত সব ডেলিভারি৷ সেই বিষেই শেষ দুনিয়াপ্রসিদ্ধ ভারতীয় ব্যাটিং লাইনআপ৷’
বাংলাদেশ-ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের গৌরবময় জয়ের খবর পৌঁছে গেছে সারা ক্রিকেট দুনিয়ায়। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও গুরুত্ব পেয়েছে বাংলাদেশের জয়। যদিও আন্তর্জাতিক বার্তা সংস্থাই তাদের খবরের উৎস।