জয়বৃষ্টিতে ভিজেও উন্নতির চিন্তা
ফ্লাডলাইটের আলোটা কি কাল সন্ধ্যায় একটু বেশিই উজ্জ্বল দেখাল? দর্শকদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রবটাও কি একটু বেশিই জোরে শোনা গেল না!
এমন আনন্দঘন উপলক্ষে অবশ্য সবই একটু বেশি বেশি লাগে। ইচ্ছে হয় আবেগের স্রোতে ভেসে যেতে, মন চায় বিজয়ের ফানুস হয়ে উড়তে। কিন্তু যারা টেস্ট-ওয়ানডে মিলে টানা আট ম্যাচে জিম্বাবুয়েকে হারাল, সেই ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাস কই? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘উইনার’ লেখা বোর্ডটা সামনে রেখে গ্রুপ ছবি তোলার বাইরে আর কোনো উদ্যাপন তো চোখে পড়ল না!
আসলে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টাকে এখন আর ক্রিকেটাররাও অত বড় করে দেখেন না। তাদের বিপক্ষে এবারের সাফল্যে যতটা না আনন্দের উপলক্ষ, তার চেয়ে বেশি স্বস্তির কারণ। একটার পর একটা হার ২০১৪ সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অভিশাপের বছর বানিয়ে ছাড়ছিল। বছরের শেষ প্রান্তে জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয় সবার আগে সেই ক্ষতের কিছুটা প্রলেপ, তারপর অন্য কিছু।
বিজয়ের দিনেও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ময়নাতদন্তে তাই ধরা পড়ছে আরও উন্নতির জায়গা। মাত্র ১২৮ রান তাড়া করতে গিয়েও যে ৫টি উইকেট হারাতে হলো, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেটাই তুলে আনলেন সামনে, ‘আজও (গতকাল) টপ অর্ডারে বিপর্যয় ঘটেছে। এটা চিন্তার বিষয়। এই সমস্যাটা খেলোয়াড়দেরই কাটিয়ে উঠতে হবে। এত কম রানে ৫ উইকেট পড়ে যাবে, সেটা কেউ আশা করে না। এ বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের চিন্তা করা উচিত।’
শেষ ম্যাচে এই একটা সমস্যাই ধরা পড়েছে মাশরাফির চোখে। এটা বাদ দিলে পুরো সিরিজের ফলেই তিনি সন্তুষ্ট। টানা ৫ ওয়ানডে জেতায় ধন্যবাদ দিলেন সতীর্থদের, ‘পাড়ার দলের সঙ্গে খেলা হলেও টানা ৫ ম্যাচ জেতার কথা আগে থেকে বলা যায় না। ছেলেদের ধন্যবাদ, ওরা পেশাদারির সঙ্গে খেলেছে।’ আলাদা করে বললেন ‘হ্যাটট্রিকম্যান’ তাইজুলের কথা, ‘হ্যাটট্রিক হয়তো ভাগ্যের ব্যাপার, কিন্তু তাইজুল ভালো বোলিং করেছে। এক জায়গায় বল করে গেছে। দলের যেটা প্রয়োজন সেটা করে গেছে।’
শুধু জিম্বাবুয়ে নয়, যেকোনো দলের বিপক্ষে খেলতে নামলেই জয়ের বিকল্প দেখেন না মাশরাফি। বছরজুড়ে যেসব ম্যাচ থেকে শুধুই হতাশা কুড়িয়েছে বাংলাদেশ দল, সেসব ম্যাচেও জয়েরই লক্ষ্য ছিল। তার পরও দীর্ঘ জয়-খরাকে দুর্ভাগ্য হিসেবেই দেখেন ওয়ানডে অধিনায়ক, ‘জয়ের বিকল্প কিছু নেই। আমরা খেলি জয়ের জন্য। এ বছর আমরা অনেক ক্লোজ ম্যাচ জিততে পারিনি। তার মানে এই নয় যে আমরা খুব খারাপ খেলছিলাম, হয়তো ফিনিশিংটা ভালো হচ্ছিল না।’
হোক প্রতিপক্ষ জিম্বাবুয়ে, কাল শেষ হওয়া সিরিজে তো অন্তত সেই দুঃসময় কাটিয়ে ওঠা গেছে। এখন পারফরম্যান্সের এই ধারাটাই ধরে রাখতে চান মাশরাফি। সামনে বিশ্বকাপ। তার আগে হাতে থাকা মাস দুয়েক সময়কে কাজে লাগানোর দায়িত্বটা খেলোয়াড়দের ওপরই ছেড়ে দিলেন ওয়ানডে অধিনায়ক, ‘কোচ শুধু টেকনিক্যাল দিকগুলোই পরিবর্তন করতে পারে। মাঠে খেলোয়াড়দেরই পারফর্ম করতে হবে। এখনো দুই মাসের মতো সময় আছে। আমি মনে করি, প্রত্যেকটা খেলোয়াড়ের উচিত শারীরিক ও মানসিকভাবে নিজেদের যত্ন নেওয়া। আর অনুশীলন তো অবশ্যই করতে হবে।’
সব ঠিক থাকলে হয়তো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে মাশরাফিই নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। অবশ্য এবারের আগেও দুবার নেতৃত্ব পেয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত দুবারই সরে যেতে হয়েছিল চোটের কারণে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব ফিরে পাওয়ার পর সেই তিক্ত স্মৃতি নিশ্চয়ই উঁকি দিয়েছে মাথায়? মাশরাফি অবশ্য বললেন, ‘এটা আমার মাথায় ছিল না। এবার যখন শুরু করি, চোট নিয়ে অনেক কথা হয়েছে, অনেক প্রশ্নই এসেছে আমার কাছে। আসলে চোট কারও হাতে থাকে না। এটা তাই একদমই মাথায় আনিনি। ভেবেছি ভালো খেলার উদ্দেশ্যে যাচ্ছি, ভালো খেলব।’
নিজেকে দেওয়া সে প্রতিশ্রুতি রেখেছেন মাশরাফি। রেখেছে তাঁর দলও।