জয়রথ থামলেও 'প্রাপ্তি' আছে পাকিস্তানের

শেষ ১২ ওয়ানডেতে মাত্র এক হার। এর মধ্যে জয় এসেছে টানা ৯ ম্যাচে। বেসিন রিজার্ভে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাই প্রশ্ন উঠেছিল, নিউজিল্যান্ড কী পারবে পাকিস্তানের জয়রথ থামাতে?
আগে ব্যাটিংয়ে নেমে জবাবটা অর্ধেক সেরে রেখেছিলেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে গত ৪৩ বছরের মধ্যে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি (১১৫) তুলে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। সঙ্গে কলিন মানরো (৫৮) আর হেনরি নিকোলাসের (৫০) ফিফটিতে ৭ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর দাঁড় করিয়ে মানসিকভাবে অনেকটাই এগিয়ে ছিল নিউজিল্যান্ড।
জিততে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ১৫ বছর আগে লাহোরে ২৯২ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান সেই রেকর্ডই টপকে যেতে পারেনি। বলা ভালো, বৃষ্টি হানা না দিলে নিঃশর্ত আত্মসমর্পণই করতে হতো সরফরাজ আহমেদের দলকে। টিম সাউদির করা ইনিংসের প্রথম ওভারে আজহার আলী এবং বাবর আজমকে হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একা ফখর জামানই (৮২) যা একটু লড়েছেন।
৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান নিয়ে ধুঁকছিল পাকিস্তান। এ অবস্থায় বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে। টানা ৯ ম্যাচ জয়ের পর ১০ম ম্যাচে এসে থামল পাকিস্তানের জয়রথ। তবে হারলেও এ ম্যাচ থেকে তাঁদের একটা প্রাপ্তি আছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো টানা ৭ ওয়ানডে ম্যাচে ‘নো বল’ করেননি পাকিস্তানের বোলাররা। এর আগের রেকর্ডটি ছিল ১৯৮৯ সালে টানা ৬ ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার নেলসনে।