মাহেলা জয়াবর্ধনে নেই গত বছর থেকেই। এবার যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। সাঙ্গাকারা খেলছেন না আজ শুরু পাকিস্তান সিরিজের শেষ টেস্টটা। পাল্লেকেলে টেস্টটাকে তাই শ্রীলঙ্কার জন্য যুগসন্ধিক্ষণও বলা যায়। ২০০২ সালের পর এই প্রথম জয়াবর্ধনে-সাঙ্গাকারা দুজনকে ছাড়াই টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
তিন ম্যাচের সিরিজ। দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। সিরিজ জিততে হলে জিততে হবে দুই দলকেই। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে খুঁজতে হলো সাঙ্গাকারার বিকল্প। শ্রীলঙ্কা দলে পরিবর্তন হবে আরেকটিও। কলম্বোয় অভিষেক হওয়া পেসার দুষ্মন্ত চামিরাকে পাল্লেকেলেতে খেলতে দিচ্ছে না পেশির চোট। লঙ্কানরা এই টেস্টে খেলতে পারে তিন পেসার ও এক স্পিনার নিয়ে। সে ক্ষেত্রে বাদ পড়বেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। লাহিরু থিরিমান্নে কাল ইঙ্গিত দিয়েছেন এমনটাই। পাকিস্তানও বাধ্য হলো একাদশে দুটি পরিবর্তন আনতে। সাঙ্গাকারার জায়গায় শ্রীলঙ্কা দলে ফিরিয়েছে উপুল থারাঙ্গাকে। তবে পাকিস্তান গতকাল পর্যন্ত নিশ্চিত করেনি ওয়াহাব রিয়াজ কিংবা মোহাম্মদ হাফিজের জায়গায় কারা খেলবে। বাঁ হাতের আঙুলের চোট ফাস্ট বোলার রিয়াজকে বল করতে দেয়নি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই। অন্যদিকে অলরাউন্ডার হাফিজকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার জন্য উড়ে যেতে হচ্ছে ভারতের চেন্নাইতে।
গলে প্রথম টেস্টটা পাকিস্তান জিতেছে ১০ উইকেটে। কলম্বোর পি সারায় দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সমতা এনেছে শ্রীলঙ্কা। সিরিজে চড়াই-উতরাই দেখে ফেলেছে দুই দলই। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন ভুল থেকে শিক্ষা নিয়েই শেষ টেস্টটা জিতে নেবে তাঁর দল, ‘এই ম্যাচটা আমাদের একান্তই জেতা দরকার। হারের পর ঘুরে দাঁড়ানোটা কঠিন কাজ নয়, কারণ ভুল থেকেই তো আমরা শিক্ষা নিই।’ মিসবাহকে আশা জোগাচ্ছে কুমার সাঙ্গাকারার অনুপস্থিতিও, ‘জয়াবর্ধনে নেই, নেই সাঙ্গাকারাও—শ্রীলঙ্কাকে হারানোর এটাই তো সেরা সুযোগ। সুযোগটা আমরা হারাতে চাই না।’
পাকিস্তানের জন্য যেটা সুযোগ, শ্রীলঙ্কার কাছে সেটাই আক্ষেপ। তবে শ্রীলঙ্কার সহ-অধিনায়ক থিরিমান্নের বিশ্বাস বড় দুটি নাম ছাড়াই এগিয়ে যাবে লঙ্কান ক্রিকেট, ‘মাহেলা ও সাঙ্গাকে ছাড়া খেলার অভিজ্ঞতা অদ্ভুতই বলতে হবে। কিন্তু আমাদের এমন কিছু তরুণ খেলোয়াড় আছে যারা ওঁদের জায়গা নিতে পুরোপুরি প্রস্তুত।’ এএফপি, ক্রিকইনফো।