জয়াবর্ধনে ইংল্যান্ডের পরামর্শক, ক্ষোভ লঙ্কান বোর্ড সভাপতির

ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন এর আগেও। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে করবেন আরও একবার। যেহেতু বিশ্বকাপে একই গ্রুপে শ্রীলঙ্কা-ইংল্যান্ড, তাই মাহেলা জয়াবর্ধনের ‘ইংলিশ চাকরি’টা সহজে মেনে নিতে পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
লঙ্কান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা তো কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, মাহেলার এই চাকরিতে শ্রীলঙ্কা দলের সাজঘরের ব্যাপার-স্যাপার বাইরে প্রতিপক্ষের কাছে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে!
ইংল্যান্ড দলের ‘পরামর্শক’ হিসেবে জয়াবর্ধনের চাকরিটা মাত্র দশদিনের জন্য। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তিনি ওই ভূমিকায় থাকবেন। কিন্তু জয়াবর্ধনের এই চাকরিতে নিজের হতাশা বেশ জোর গলাতেই জানিয়েছেন সুমাথিপালা,‘জয়াবর্ধনে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ায় আমি হতাশ। এতে আমি দুঃখও পেয়েছি। অবসরের পর কোনো খেলোয়াড় যদি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে অবশ্যই সেটি ২৪ মাস পর হওয়া উচিত। অবসরের সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষ দলের কোনো দায়িত্বে যাওয়া ঠিক নয়।’
বোর্ড সভাপতির এমন মন্তব্যে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন জয়াবর্ধনে। সুমাথিপালার কথাবার্তাকে ‘হাস্যকর’ই মনে হচ্ছে তাঁর, ‘আমি শ্রীলঙ্কার ওয়ানডে দলের সঙ্গে নেই এক বছর। টি-টোয়েন্টি ছেড়েছি, সেটিও দুই বছর হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা দলের সাজঘরে আলোচিত কৌশল যদি সময়ের সঙ্গে বদলে না যায়, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই দলে কোনো সমস্যা আছে।’
জয়াবর্ধনে বলছেন, ‘ইংল্যান্ড দলের সঙ্গে আমার কাজটা খুব অল্প দিনের। মাত্র ১০ দিনের। আমি সেখানে শুধু ক্রিকেটারদের উন্নয়নে কাজ করব। আমি তাঁদের পরামর্শ দেব, কীভাবে স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলতে হয়। যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং হয়নি, তখন আমি এই কাজের জন্য চুক্তিবদ্ধ হই। সুতরাং আমি জানতামও না যে ইংল্যান্ডের গ্রুপে শ্রীলঙ্কা থাকবে। সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইংল্যান্ড আমাকে শ্রীলঙ্কা দলের ভেতরের কথা জানার জন্য নিয়োগ দেয়নি। আমি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতির এ ধরনের মন্তব্যে সত্যিই খুব হতাশ।’
অবসর নেওয়ার পর প্রায় বছর খানেক ধরে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে নিজের মেধা খরচ করেছেন জয়াবর্ধনে। ভেবে-চিন্তে অনেক পরিশ্রম করে যে পরিকল্পনা করেছিলেন, তা সুমাথিপালার নেতৃত্বে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন নির্বাচিত কমিটি বাতিল করে দিয়েছে। জয়াবর্ধনে এতে কষ্ট পেয়েছেন, ‘আমি পুরো বিনে পয়সায় দেশের ক্রিকেটের ভালোর জন্য কাজটা করেছিলাম। কিন্তু সুমাথিপালার কমিটি তা বাতিল করে দিয়েছে। ইংল্যান্ড দলে আমার যোগ দেওয়া যদি ‘অনৈতিক’ হয়, তাহলে আমার এত পরিশ্রমের কাজটা যে বর্তমান বোর্ড বাতিল করে দিল সেটাও অনৈতিক। তবে আমি বলতে চাই, এ ব্যাপারে আমার মনে কোনো খেদ নেই। তাঁরা নির্বাচিত হয়ে এসেছেন। সুতরাং একটা নির্বাচিত কমিটি নিজেদের পছন্দমতো যেকোনো কিছুই করতে পারে।’ সূত্র: ক্রিকইনফো।