জয়াবর্ধনে পারবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঙ্কান ক্রিকেটকে বহুদিন ধরেই আগলে রেখেছেন দুই বন্ধু—জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। আজও রাখলেন। ছবি: রয়টার্স
লঙ্কান ক্রিকেটকে বহুদিন ধরেই আগলে রেখেছেন দুই বন্ধু—জয়াবর্ধনে ও সাঙ্গাকারা। আজও রাখলেন। ছবি: রয়টার্স

স্যার ডন ব্রাডম্যান পারেননি, পারেননি এ কালের আরেক ‘ব্র্যাডম্যান’ শচীন টেন্ডুলকারও। পারেননি বিদায় টেস্ট ম্যাচে সেঞ্চুরি করতে। তবে শেষ টেস্টে সেঞ্চুরি করার তালিকায় গ্রেগ চ্যাপেল, জ্যাক ক্যালিস, মোহাম্মদ আজাহার উদ্দিন, সাঈদ আনোয়ারের মতো তারকারা রয়েছেন। শ্রীলঙ্কার মধ্যে একমাত্র অরবিন্দ ডি সিলভা রয়েছেন এ তালিকায়। কিন্তু অধিকাংশের ঘটা করে বিদায় নেওয়ার সৌভাগ্য হয়নি। সে ক্ষেত্রে মাহেলা জয়াবর্ধনের সামনে অপূর্ব সুযোগ, দ্বিতীয় লঙ্কান ব্যাটসম্যান হিসেবে শেষ টেস্টে সেঞ্চুরি করে বিদায় নিতে।

অবশ্য সামনে এখনো বিস্তর পথ বাকি। জয়াবর্ধনে ৪৯ রানে অপরাজিত। শেষ ইনিংসে দারুণ জুটি গড়েছেন বন্ধু কুমার সাঙ্গাকারার (৫৪) সঙ্গে। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটির কল্যাণে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৭৭। এগিয়ে ১৬৫ রানে।

শেষ টেস্টে সেঞ্চুরি করে মাঠ ছাড়তে পারবেন জয়াবর্ধনে? যদি পারেন, তবে লঙ্কান ক্রিকেটের মহিরুহের বিদায়মঞ্চটা নিঃসন্দেহে পাবে অন্য রং। ধ্রুপদি বিরল প্রজাতির এ ব্যাটসম্যানের বিদায়টা হবে দুর্দান্তভাবে, যেটি তাঁর প্রাপ্যই।     

আগের দিনের ৬ উইকেটে ২৪৪ রানের সঙ্গে আজ ৪ উইকেটে পাকিস্তান ৮৮ রান যোগ করে অলআউট হয়েছে ৩৩২ রানে। সর্বোচ্চ ১০৩ এসেছে সরফরাজ আহমদের ব্যাট থেকে। এটাই প্রথম সেঞ্চুরি পাকিস্তানি উইকেটরক্ষকের।

শ্রীলঙ্কার পক্ষে একাই ৯ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো বাঁ-হাতি স্পিনার হিসেবে এক ইনিংসে সেরা বোলিং ফিগার তাঁর। হেরাথ ভেঙেছেন ১২৫ বছরের পুরনো এক রেকর্ড। ১৮৮৯ সালে ইংলিশ বাঁ-হাতি স্পিনার জনি ব্রিগস কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়েছিলেন ১১ রানে ৮ উইকেট। ১২৫ বছর পর ব্রিগসকে ছাপিয়ে গেলেন এ লঙ্কান স্পিনার। তথ্যসূত্র: ক্রিকইনফো ও রয়টার্স।