জয়াবর্ধনেকে ছাপিয়ে অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ম্যাককালাম-ঝড় আর পরে কোরি অ্যান্ডারসনের দুর্দান্ত ইনিংস। আর তাতেই বিফলে গেল মাহেলা জয়াবর্ধনের দারুণ সেঞ্চুরি, হেরে গেল শ্রীলঙ্কা। ক্রাইস্টাচার্চে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজেও এগিয়ে গেল নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার ২১৮ রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের পাল্টা প্রতিরোধে প্রায় দিশেহারা হয়ে যান শ্রীলঙ্কান বোলাররা। মাত্র ১৯ বলে ৩ ছক্কা আর ৬ চারে হাফ সেঞ্চুরি করেন কিউই অধিনায়ক, নিউজিল্যান্ডের প্রথম ৫০ রান আসে তাই মাত্র ৫.১ ওভারে! ম্যাককালাম অবশ্য বেশিক্ষণ টেকেননি, ২২ বলে ৫১ রান করে ফিরে যান সচিত্রা সেনানায়েকের বলে। তাঁর বিদায়ের পর হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ডও। ১ উইকেটে ৬৩ থেকে ১০১ রান পর্যন্ত যেতেই হারায় আরও ৪ উইকেট। তবে ব্যাট হাতে এই ধাক্কা সামাল দিয়ে রাখেন অ্যান্ডারসন। ৯৬ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলে ৪১তম ওভারে অ্যান্ডারসন যখন আউট হন, জয় কিউইদের প্রায় হাতের নাগালে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাও শুরুতেই বিপদে পড়ে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে। তবে বিপর্যয় থেকে লঙ্কানদের টেনে তোলেন বর্ষীয়ান জয়াবর্ধনে। অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে অবিচল থেকে জয়াবর্ধনে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি। কিন্তু তাঁর সতীর্থদের অন্য কেউ বড় ইনিংস খেলতে না পারায় কিউইদের সামনে খুব বড় লক্ষ্যও দিতে পারেনি শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১৮/৯ (করুনারত্নে ৫, দিলশান ১৯, সাঙ্গাকারা ৪, জয়াবর্ধনে ১০৪, ম্যাথুস ১৫, থিরিমান্নে ২৩, মেন্ডিস ২৩, পেরেরা ০, কুলাসেকারা ৬*, সেনানায়েকে ৭, ইরাঙ্গা ৫*; ম্যাকলেনাহান ৪/৩৬, মিলনে ২/৩৭, নাথান ম্যাককালাম ১/৩৮, অ্যান্ডারসন ১/৬১)।
নিউজিল্যান্ড: ৪৩ ওভারে ২১৯/৭ (গাপটিল ০, ব্রেন্ডন ৫১, উইলিয়ামসন ১৫, ল্যাথাম ১৫, এলিয়ট ১, অ্যান্ডারসন ৮১, রনকি ১৭, নাথান ২৫*, মিলনে ৭*; দিলশান ২/২৮, কুলাসেকারা ২/৪৩, সেনানায়েকে ২/৪৩, ইরাঙ্গা ১/৪৯)।
ফল: নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কোরি অ্যান্ডারসন।