
দেখতে দেখতে পেরিয়ে গেল ১৭টি বছর। ১৯৯৭ সালের ২ আগস্ট টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৮ বছর বয়সী এক তরুণের। দীর্ঘ ১৭ বছরে সেই তরুণই একটু একটু করে হয়ে উঠেছেন আন্তর্জাতিক ক্রিকেটের মহীরুহ। দেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী তো বটেই; জায়গা করে নিয়েছেন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ষষ্ঠ স্থানে। কিন্তু প্রকৃতির নিয়ম মেনে বেজে উঠেছে এই কিংবদন্তির বিদায়ের বিউগলও। টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের দরজায় দাঁড়িয়ে মাহেলা জয়াবর্ধনে।
গত এপ্রিলে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্যদিয়ে বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটকে। কয়েক দিন আগেই ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচের সিরিজটাই হবে টেস্টে তাঁর শেষ। এরপর মাহেলা জয়াবর্ধনে হয়ে যাবেন শুধুই ওয়ানডে ক্রিকেটার। সেই হিসেবে আজ শুরু হতে যাওয়া গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে জয়াবর্ধনের শেষের শুরু। কাগজে-কলমে শ্রীলঙ্কা-পাকিস্তানের দ্বৈরথ হলেও এটা আসলে হয়ে থাকছে জয়াবর্ধনেরই সিরিজ। এই কিংবদন্তির জন্যই সিরিজটা জিততে চায় শ্রীলঙ্কা।
‘জয়াবর্ধনের শূন্যতা কিছুতেই পূরণ হওয়ার নয়’ উল্লেখ করে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস প্রতিশ্রুতি দিয়েছেন জয়াবর্ধনেকে বিদায় বেলায় জয় উপহার দেওয়ার, ‘তাঁর এবং শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যতের জন্যই সিরিজটা আমাদের জিততে হবে।’ টেস্ট ক্রিকেট থেকে জয়াবর্ধনের বিদায়ের উপলক্ষটা শ্রীলঙ্কানদের উল্টো চাপে ফেলে দেবে না তো? সেই আশঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছেন ম্যাথুস। চলতি বছরে ৮ টেস্টে ৬৬.১৫ গড়ে ৮৬০ রান, তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ২০৩। চাইলে আরও কিছুদিন চালিয়ে যেতে পারতেন। বয়সটাও পক্ষেই ছিল। কিন্তু তরুণদের জায়গা করে দিতে ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে সরে দাঁড়ানোটাকেই সঠিক মনে করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেটও টেস্টের ভেন্যু হিসেবে জয়াবর্ধনের ‘পয়া’ দুটি স্টেডিয়ামকেই বেছে নিয়েছে।
আজ প্রথম টেস্ট শুরু হচ্ছে যে মাঠে, সেই গল আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়াবর্ধনে ২২ টেস্টে ৭১.৭৮ গড়ে করেছেন ২২৯৭ রান। সাত সেঞ্চুরি, ১১ হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ২৩৭। শেষ টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠটি তাঁর জন্য আরও বেশি পয়া। সেখানে ২৬ টেস্টে ৭৭.৩৭ গড়ে করেছেন ২৮৬৩ রান। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কোনো ব্যাটসম্যানের ওটা সর্বোচ্চ রানের রেকর্ড। ১১টি সেঞ্চুরির মধ্যে ক্যারিয়ার সর্বোচ্চ ৩৭৪ রানের সেই মহাকাব্যিক ইনিংসটিও মাহেলা খেলেছিলেন এ মাঠেই।
বোঝাই যাচ্ছে, এই কিংবদন্তির টেস্ট ক্রিকেট থেকে বিদায়টা স্মরণীয় করে রাখতে শ্রীলঙ্কা ক্রিকেট সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু লঙ্কানদের সাজানো এই বিদায়ী উৎসবে পাকিস্তান জল ঢেলে দিতে প্রস্তুত। অধিনায়ক মিসবাহ-উল-হক ও কোচ ওয়াকার ইউনিস দেশে থাকতেই ঘোষণা দিয়েছেন, টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বরে চোখ তাঁদের। শ্রীলঙ্কায় সিরিজ জিতে সেই লক্ষ্যে বড় একটা পদক্ষেপ ফেলতে চান তাঁরা। লক্ষ্য তাই দুই দলের একই। এক রণপরিকল্পনাও। দুই দলেরই প্রধান শক্তি স্পিন। পাকিস্তানের সাঈদ আজমল, আবদুর রেহমান। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা। সিরিজটাও যেহেতু স্পিন-স্বর্গ শ্রীলঙ্কায়, জয়াবর্ধনের সিরিজ তাই শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে দুই দলের স্পিনারদেরও। এএফপি ও ক্রিকইনফো।