জয়াবর্ধনের জয়-সংবর্ধনা

ইশ্, এত সাততাড়াতাড়ি! আজ টিভি খুলে বসতে দেরি করে ফেলেছেন যাঁরা, তাঁদের অনেকেই হয়তো বিদায় সংবর্ধনাটা দেখতেই পারলেন না। কলম্বো টেস্টের শেষ দিনটার আয়ু হলো মাত্র ১২ ওভার। আগের দিন ৭ উইকেটে ১২৭ রান তোলা পাকিস্তান আর ৩৮ রান যোগ করতেই অলআউট হয়ে গেল।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সরফরাজ একা কেবল ফিফটির (৫৫) দেখা পেলেন। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়া রঙ্গনা হেরাথ এবার নিলেন ৫ উইকেট। ১০৫ রানে ম্যাচটা আর ২-০ ব্যবধানে সিরিজটা জিতে নিয়েই মাহেলা জয়াবর্ধনেকে বিদায় জানাল শ্রীলঙ্কা।
টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ১১ হাজারের বেশি করে রান তোলা সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিদায়ে আবেগ অবশ্যই চুইয়ে চুইয়ে পড়ল। তবে বিদায়ী বক্তৃতার শুরুতেই জয়াবর্ধনে যেন সেই আবেগে লাগাম পরিয়ে রাখলেন, ‘জানি না কী বলব। তবে প্রতিজ্ঞা করছি, আমি কাঁদব না।’ আবেগটাকে একটু থিতু হওয়ার সময় দিতে সতীর্থদের, পাকিস্তান দল এবং কোচদের ধন্যবাদ জানালেন।
বললেন, ‘অতীতের সব ক্রিকেটারকে কৃতজ্ঞতা জানাই, যাঁরা আমাকে আজকের আমি হয়ে উঠতে সাহায্য করেছেন।’
জয়াবর্ধনের গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান সম্ভবত তাঁর স্কুলের। সেই স্কুলটিকে ধন্যবাদ জানাতেই প্রচণ্ড করতালি। ভুললেন না ভক্তদের কথাও, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি। এতগুলো বছর ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’
সাদা পোশাকে বিদায় নিলেও এখনো আরও কিছুদিন ওয়ানডে খেলবেন। আগামী বিশ্বকাপ পর্যন্ত। কথা দিলেন, ‘সেই বিশ্বকাপে নিজের সবটা উজাড় করে দেব।’
ধন্যবাদ জানালেন বাবা-মা, পরিবার, স্ত্রী, বন্ধুদের। বিশেষ ধন্যবাদ পেলেন স্ত্রী, আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যস্ততা যিনি হাসিমুখে সামলেছেন। ভুললেন না প্রিয়তম বন্ধু সাঙ্গাকারার কথাও। সাঙ্গাও গত ইনিংসে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় যেভাবে ব্যাট-ট্যাট তুলে অভিবাদন জানিয়েছেন এবং গ্রহণ করেছে, তাতে সন্দেহ হচ্ছে, হয়তো তিনিও বিদায়ের ক্ষণ ঠিক করে ফেলেছেন। জয়াবর্ধনে সে জন্যই হয়তো বললেন, ‘তোমার আরও বেশ কিছু দিন খেলে যাওয়া উচিত।’
এই জীবনে অনেক কিছুই পেয়েছেন। বললেন, সবচেয়ে বড় প্রাপ্তি শ্রীলঙ্কার হয়ে খেলাটাই, ‘সব সময় শ্রীলঙ্কার টুপিটা অনেক গর্ব আর আবেগ নিয়েই পরেছি।’
জয়াবর্ধনের হাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ছোট্ট সোনার ব্যাট তুলে দেওয়া হয়। আতশবাজি আর পটকা আড়াল করে দেয় ধরে আসা গলা। মাঠেই বাবা-মায়ের স্নেহের আলিঙ্গন পেয়েছেন। প্রত্যেক সতীর্থও জানিয়েছেন শ্রদ্ধা।
টেন্ডুলকারের মতো লম্বা বিদায়ী বক্তৃতা হলো না। টেন্ডুলকারের মতো জমকালো বিদায়ও হয়তো নয়। তবে তাতে কিছুই যায়-আসে না। ইতিহাস টেন্ডুলকারের পাশেই জায়গা করে দেবে জয়াবর্ধনকে।
ধন্যবাদ দিনাগামাগে প্রবোথ মাহেলা ডি সিলভা জয়াবর্ধনে। আপনার নামের মতো দীর্ঘ হবে আপনার স্মৃতি!