জয়াবর্ধনের টেস্টে প্রথম দিন পাকিস্তানের

ক্যারিয়ারের শেষ টেস্টটা নিজের প্রিয় মাঠেই খেলার সুযোগ পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। কলম্বোর এই সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) স্টেডিয়ামেই জয়াবর্ধনে খেলেছিলেন ক্যারিয়ারের সেরা ৩৭৪ রানের ইনিংস। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও করেছেন ১৬৫ রান। আজ বিদায়ী ম্যাচেও জয়াবর্ধনের কাছ থেকে হয়তো বড় একটা ইনিংস আশা করেছিলেন অনেকে। কিন্তু ভক্তদের হতাশই করেছেন শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সাজঘরে ফিরেছেন মাত্র ৪ রান করে।
অথচ জয়াবর্ধনেকে চাপমুক্ত হয়ে ব্যাট করার চমত্কার সুযোগ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটসম্যান। দিনের মাঝামাঝি সময়ে তিনি যখন উইকেটে এসেছিলেন তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৪৪ রান। চা-বিরতির আগে একবার তাঁর একটি ক্যাচও মিস করেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। কিন্তু এই ভুলের ফায়দা নিতে পারেননি জয়াবর্ধনে। চা-বিরতি শেষে ঠিক পরের ওভারটিতেই সাঈদ আজমলের বলে পড়ে গেছেন এলবিডব্লিউর ফাঁদে। আতশবাজি, গার্ড অব অনারের মধ্য দিয়ে মাঠে নেমে মাত্র ১৬টি বল খেলেই সাজঘরে ফিরেছেন জয়াবর্ধনে।
আজমল আজ পেয়েছেন শুধু এই জয়াবর্ধনের উইকেটটিই। শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ। এই দুই পাকিস্তানি পেসারের ভালো বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে আজ প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। চারটি উইকেট পেয়েছেন জুনায়েদ। রিয়াজের ঝুলিতে জমা হয়েছে তিনটি উইকেট।
শ্রীলঙ্কা আজ দিনের অনেকটা সময় লড়াই চালিয়েছে ওপেনার উপুল থারাঙ্গার ব্যাটে ভর করে। শেষ পর্যন্ত অবশ্য কিছুটা আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে থারাঙ্গাকে। মাত্র ৮ রানের জন্য তিনি পূরণ করতে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। আউট হয়েছেন ৯২ রান করে। আরেক লঙ্কান ওপেনার কুশল সিলভা করেছেন ৪১ রান। দিনের শেষ ওভারটিতে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আউট হয়েছেন ৩৯ রান করে।