
ব্যাট হাতে তিনি নিজেও ছিলেন বোলারদের আতঙ্ক। দেড় যুগ আগে যতসব বিস্ফোরক ইনিংস খেলেছেন, আজও অনেকের কাছে মনে হয় অবিশ্বাস্য। সেই সনাৎ জয়াসুরিয়ার কাছেও এখন অবিশ্বাস্য মনে হচ্ছে আরেকজনের ব্যাটিং। কুমার সাঙ্গাকারার টানা চার সেঞ্চুরি দেখে বিস্ময়াভিভূত মাতারা হারিকেন!
১৯৯৬ বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন জয়াসুরিয়া। পিঞ্চ হিটিংকে নিয়েছিলেন নতুন উচ্চতায়। বিশ্বকাপে পরপর ৫ দিনের মধ্যে গড়েছিলেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির রেকর্ড। এই জয়াসুরিয়াই আবার টেস্টে টানা দুই দিন ব্যাট করেছেন, ৭৯৯ মিনিট উইকেটে থেকে করেছেন ৩৪০। এখনো তিনি আছেন দলের সঙ্গেই— শ্রীলঙ্কার প্রধান নির্বাচক। নিজের অসংখ্য স্মরণীয় কীর্তি আছে, দেখেছেনও অনেক। কিন্তু সাঙ্গাকারার ব্যাটিংয়ের জবাব খুঁজে পাচ্ছেন না, ‘সত্যি বলতে, এটি অবিশ্বাস্য। টানা চার ম্যাচে সেঞ্চুরি ওয়ানডের বিরলতম ঘটনাগুলোর একটি। আমি সৌভাগ্যবান যে চারটি ইনিংসই মাঠে বসে দেখেছি। প্রধান নির্বাচক হিসেবে আমি চাই টুর্নামেন্ট-জুড়েই ওর এই রানপ্রবাহ চলতে থাকুক। অসাধারণ এক ক্রিকেটার ও।’
সাঙ্গাকারার রানস্রোতের সঙ্গে জয়াসুরিয়ার কণ্ঠে উঠে এসেছে সময়ের আরেক দাবি। ক্রিকেট-বিশ্ব জুড়ে বিস্ময়, সাঙ্গাকারা কেন অবসর নিচ্ছেন! লঙ্কাজুড়ে আকুতি সিদ্ধান্ত বদলের জন্য। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তো হাঁটু মুড়ে করজোড়ে অনুরোধ করেছেন। সাঙ্গাকারা তবু সিদ্ধান্ত পাল্টাচ্ছেন না। আকুতিটা শোনা গেল প্রধান নির্বাচকের কণ্ঠেও, ‘টেস্ট ক্রিকেট তো খেলবে আরও কিছুদিন। চাইলে আরও খেলতে পারত। সত্যি বলতে, ও আরও কয়েকটা বছর খেলে গেলে আমার খুব ভালো লাগত। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ওর নিজেরই ইচ্ছের ব্যাপার।’
সাঙ্গাকারা ও শ্রীলঙ্কার পরের পরীক্ষা আগামীকাল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ চারে ওঠার লড়াই সিডনিতে। ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন জয়াসুরিয়া। পরের দুটি ধাপও পেরিয়ে শ্রীলঙ্কা হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৬ বিশ্বকাপের ওই দলটির সঙ্গে এই দলের অনেক মিল খুঁজে পাচ্ছেন জয়াসুরিয়া, ‘অনেক মিল আছে। তখন মিডল অর্ডারে অর্জুনা ও ডি সিলভার মতো দুই স্তম্ভ ছিল। এখন আছে সাঙ্গা ও মাহেলা। তখন মহানামা-হাশান ছিল, এখন অ্যাঞ্জেলো আছে। ওই দলের মতো এই দলেও দারুণ দুজন ওপেনার। সব মিলিয়ে অনেকটাই একই রকম।’
একই রকম দল কি এনে দিতে পারবে একই রকম সাফল্য? উত্তর মিলবে সময়েই। এএফপি।