জয়ে চোখ হাথুরুসিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে কী শেখার আছে বাংলাদেশের?
প্রশ্নকর্তার চিন্তার স্রোতে এসে মেলেনি চন্ডিকা হাথুরুসিংহের উত্তর। টেস্ট ম্যাচে তাঁর কাছে কিছু শেখার চেয়েও অন্য কিছুর উপলক্ষ বেশি। হায়দরাবাদে কাল পরিষ্কার জানিয়ে দিলেন, সেটা জয়, এখান থেকে কী শেখা যায়, সেটা আমার কাছে বড় নয়। এখানে কী করা যায়, সেটাই বড়। আমরা ম্যাচটা জিততে চেষ্টা করব। তারা (ভারত) বিশ্বের এক নম্বর দল। নিজেদের অবস্থা বোঝার জন্য এর চেয়ে বড় কিছু হতে পারে না। টেস্ট ক্রিকেটে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটাই এখানে দেখতে চাই।
তবে বাংলাদেশ দলের কোচ আসল কথাটাও বলে দিয়েছেন, টেস্টে বাংলাদেশ এখনো পরিপূর্ণ দল হয়ে ওঠার ধারেকাছেও যায়নি। তাঁর ভাষায়, আমরা একটা ভালো দল গড়ার চেষ্টা করছি। টেস্টে এই দলটা এখনো পরিপূর্ণ দল হয়ে ওঠেনি বা তার ধারেকাছেও যায়নি। সে জন্য বেশি বেশি টেস্ট খেলার বিকল্প দেখেন না হাথুরুসিংহে। সেই খেলাগুলো যদি হয় ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে, তাহলে ভালো কিছু করার সুযোগও বাড়ে। হাথুরুসিংহের ভাষায়, এটা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে। যেকোনো দলকে তিন সংস্করণেই অন্য দেশগুলোর সঙ্গে খেলতে হবে। এ বছর আমাদের আন্তর্জাতিক সূচিটা খুব ভালো হয়েছে। গত বছরের চেয়ে অনেক বেশি খেলা এবার। বছর শেষে বুঝতে পারব আমরা আসলে কোথায় আছি।
মাহমুদউল্লাহর ফর্ম ভারতের বিপক্ষে দুশ্চিন্তার একটা কারণ। তবে কোচের বিশ্বাস, বিশ্বসেরাদের বিপক্ষে অভিজ্ঞ এই ব্যাটসম্যান ঠিকই ফিরে পাবেন নিজেকে। হায়দরাবাদ টেস্টকে মাহমুদউল্লাহর জন্য আরও একটা সুযোগ হিসেবেই দেখছেন এই শ্রীলঙ্কান। স্বস্তি পাচ্ছেন সৌম্য সরকার রানে ফেরায়, সৌম্যর ফর্মে আসাটা খুব ভালো ব্যাপার। সে এখন আত্মবিশ্বাসী। আশা করি, এই ফর্মটা ও ধরে রাখতে পারবে।
সঙ্গে আবেগটাও থাকতে হবে এবং দলের জন্য সে আবেগ হাথুরুসিংহে আশা করছেন সবার কাছেই, ভারতীয় অধিনায়ককে দেখুন। সে তার আবেগকে নিজের পারফরম্যান্সে কাজে লাগাচ্ছে। আমাদেরও সেটাই করতে হবে। আমরা সবাই মানুষ। আমরা আবেগময় হতেই পারি। আবেগটাকে কাজে লাগাতে হবে। একজন ক্রিকেটার যত অভিজ্ঞ হবে, যত বেশি খেলবে, ততই সে তার আবেগকে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে।
কয়েক বছর ধরেই ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে আবেগের অন্য নাম। এবার কি সেটা সরে আসবে টেস্ট ক্রিকেটে?