জয়ে ফিরল কুমিল্লা

কৃতিত্বটা কাকে দেবেন? শেষ ওভারে নুয়ান কুলাসেকারার বুদ্ধিদীপ্ত বোলিং, নাকি ‘বিপিএলের বিস্ময়’ আবু হায়দারের আরেকবার জ্বলে ওঠাকে? কিংবা আসহার জাইদির ঝোড়ো ব্যাটিং, যা কিনা শেষ ৫ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্কোরবোর্ডে যোগ করল ৬০ রান!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কালকের ১০ রানের জয়টা আসলে ‘টিম কুমিল্লার’ই সাফল্য। সেখানে বোলার-ব্যাটসম্যানদের অবদান সমান। মাঠে ফিল্ডারদের তেজোদীপ্ত শরীরী ভাষা, যার উদাহরণ মিড অফ থেকে কাভারের দিকে দৌড়ে গিয়ে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত ক্যাচ—১৪১ রানের ম্যাচে জয়ের উপকরণ সবই। আবু হায়দারের বলে নাসিরের ওই ক্যাচ নিতে গিয়ে তো বিপদেরই শঙ্কা জাগালেন মাশরাফি!
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান আগের ম্যাচেই। কাল তাই মাঠে নেমেছিলেন চোটের জায়গায় টেপ লাগিয়ে। বোলিং করার কথা ছিল না। কিন্তু ডলার মাহমুদের কাঁধের চোটে বাধ্য হয়ে ৪ ওভার করলেন। আর ফিল্ডিংয়ে তো কখন কী করতে হয় আগে থেকে বলা মুশকিল। বলটাকে শূন্যে ভাসতে দেখে না দৌড়ে পারেননি। কিন্তু ক্যাচ নিয়েই যেভাবে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে লাগলেন, মাশরাফির ক্ষেত্রে ওটা সব সময় ভয়ই জাগায়। ভাগ্য ভালো, বাকি ম্যাচ তাঁর কেটেছে নির্বিঘ্নেই। যদিও কিছুক্ষণের জন্য ছেড়ে গিয়েছিলেন মাঠ।
১৪২ খুব বড় লক্ষ্য নয়। তবু মাশরাফির বিশ্বাস ছিল, এটা জয়ের জন্য যথেষ্ট। শুধু ফিল্ডিংয়ে ১০-১৫ রান বাঁচাতে হবে। তবে বোলিংয়ে ধরে রাখতে হবে ধারাবাহিকতা। আবু হায়দারের ওপর নির্ভরতা একটু বেশিই ছিল তাই অধিনায়কের। তরুণ পেসার নিরাশ করেননি। নাসিরের উইকেট নেওয়ার পর ১৯তম ওভারে ঢাকার ওপর চাপটা তুলে দিলেন তিনিই। জয়ের জন্য শেষ ২ ওভারে কুমার সাঙ্গাকারার দলের দরকার ছিল ২৫ রান। কিন্তু ওই ওভারে ম্যালকম ওয়ালারের উইকেট তুলে নিয়ে আবু হায়দার দিলেন মাত্র ৮। কুলাসেকারার শেষ ওভারে ১৭ রান নেওয়া অসম্ভব প্রমাণিত হয়েছে ঢাকার ব্যাটসম্যানদের জন্য। হাতে ৪ উইকেট রেখেও ওই ওভারে তারা নিতে পেরেছে মাত্র ৬। কুমিল্লা ভিক্টোরিয়ানস ভেসেছে জয়ে ফেরার আনন্দে। ছয় ম্যাচে ৮ পয়েন্ট, সঙ্গে নেট রানরেট মিলিয়ে তারাই এখন টুর্নামেন্টের শীর্ষ দল। সমান ম্যাচে ঢাকার পয়েন্ট ৬।
অথচ কুমিল্লার ব্যাটিংটা কাল শুরু হয়েছিল বিপৎসংকেত বাজিয়ে। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে রান মাত্র ৫০! দলের রান এক শ ছুঁয়েছে ১৮তম ওভারের তৃতীয় বলে। সেখান থেকে ৭ উইকেটে ১৪১ রানে যেতে পারার পুরো অবদানই আসহারের। তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে মাত্র ২৯ বলে অপরাজিত ৪৫ করেছেন বাঁহাতি পাকিস্তানি ব্যাটসম্যান। ১১ বলে ২১ রানের ইনিংসে তাঁকে সংগতটাও ভালো দিয়েছেন শুভাগত হোম। দুজনের ৩ ওভার ৪ বলের সপ্তম উইকেট জুটিতেই এসেছে ৪৫ রান।
প্রথম পর্বের ম্যাচে ঢাকার কাছে হেরেছিল কুমিল্লা। এরপর টানা তিন জয়, চট্টগ্রামে এসে দ্বিতীয় হার সিলেট সুপারস্টারসের কাছে। ঢাকার ওপর প্রতিশোধ নিয়ে কাল আবারও জয়ের ধারায় ফিরল মাশরাফির দল। চোটাঘাত, বিদেশি খেলোয়াড় নিয়ে অনিশ্চয়তা—এসবের মধ্যেও এই জয় অধিনায়ককে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস। স্যামুয়েলস চলে গেছেন, সুনীল নারাইনকেও দুর্ভাগ্যজনকভাবে চলে যেতে হয়েছে। সান্টোকি, রাব্বির পর ডলারও চোটে। অন্য দলগুলো সাত-আটজন নিয়মিত খেলোয়াড় ঠিক করে ফেললেও কুমিল্লার জন্য সেটা কঠিনই হচ্ছিল। এরপরও জয়ে ফেরা অধিনায়কের মনে জাগাচ্ছে আশা, ‘আমাদের সবার সামর্থ্য আছে পারফর্ম করার। সেটা যদি করতে পারি তাহলে সুযোগ অবশ্যই থাকবে। সবাইকে এটাই বলেছি। ভাগ্য সঙ্গে আছে বলেই আমরা ভালো করছি।’
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৪১/৭ (লিটন ৩১, শেহজাদ ৯, ইমরুল ৭, মালিক ৮, মাশরাফি ২, আসহার ৪৫*, অলক ১০, শুভাগত ২১, ডলার ০*; হাসান ০/১৮, রেজা ২/২৬, মুস্তাফিজ ১/৩৩, ইয়াসির ২/২৬, সৈকত ০/১০, নাসির ১/১৯, মোশাররফ ১/৩)। ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩১/৬ (সৈকত ৮, সাদমান ১০, সাঙ্গাকারা ৩০, নাসির ৩২, টেন ডেসকাট ১১, ওয়ালার ১১, হাসান ১২*, রেজা ৫*; কুলাসেকারা ০/২৩, হায়দার ২/৩০, শুভাগত ১/২৪, মালিক ০/১৭, মাশরাফি ১/১৮, আসহার ০/১০, অলক ০/৫)। ফল: কুমিল্লা ১০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আসহার জাইদি।