জয়ে ফিরল ভিক্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি উইকেট। সতীর্থদের অভিনন্দনে সিক্ত ভিক্টোরিয়ার পেসার কামরুল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে  l প্রথম আলো
আরও একটি উইকেট। সতীর্থদের অভিনন্দনে সিক্ত ভিক্টোরিয়ার পেসার কামরুল। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

পরপর দুই ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল সিসিএস ও কলাবাগান ক্রীড়াচক্র। দুই ম্যাচেই হেরে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে ভিক্টোরিয়ার সুপার লিগের সম্ভাবনা। তবে কাল আবারও জয়ের পথে ফিরেছে দলটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়ার ২৮ রানে জয়ের মূল কারিগর পেসার কামরুল ইসলাম।
লক্ষ্য ছিল ২৪৮ রানের। ইনিংসের ৪৫তম ওভার পর্যন্ত কিছুটা হলেও টিকে ছিল সম্ভাবনা। শেষ ৫ ওভারে দরকার ছিল ৪৩, হাতে ছিল ৩ উইকেট। কিন্তু ৪৬ ও ৪৭তম ওভারে মাত্র ৭ রান এলে শেষ ৩ ওভারে চ্যালেঞ্জটা অনেক কঠিন হয়ে যায়। ৪৮তম ওভারে ২ উইকেট নিয়ে তাদের সম্ভাবনাকে শেষই করে দেন ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চতুরঙ্গা ডি সিলভা।
দুই ওপেনার আবদুল্লাহ আল মামুন ও মাহবুবুল করিম এবং পরে মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি।দলের ১১১ রানে চতুর্থ উইকেট পড়ার পর শেখ জামালের ভরসা বলতে ছিলেন সোহাগ গাজী। ৬৪ বলে ৫৯ রানে পাঁচ বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও মেরেছেন চতুরঙ্গাকে।
কিন্তু ছক্কার পরের বলেই নাদিফ চৌধুরীর হাতে ক্যাচ। অবশ্য শেখ জামালের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে তারও আগে। মাহমুদউল্লাহ-সোহাগের ৪২ রানের পঞ্চম উইকেট জুটির পর মাত্র ৬ রানের ব্যবধানে পড়ে ২ উইকেট। সপ্তম উইকেটে মুক্তার আলীর সঙ্গে আরও ৪৫ রান যোগ করলেও শেষটা করে দিয়ে আসতে পারেননি সোহাগ। শেখ জামালের জয়ের সম্ভাবনা জাগানো দুটি জুটিই ভাঙেন কামরুল। আগে-পরে আরও ২ উইকেট নিয়ে ৩৮ রানে ৪ উইকেট তাঁর।

এর আগে শেখ জামালের ব্যাটসম্যানদের মতোই অবস্থা ছিল ভিক্টোরিয়ার ব্যাটসম্যানদের। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি কেউই। কিছুটা ব্যতিক্রম মুমিনুল হক। ৫১ বল খেলে ইনিংসটাকে পঞ্চাশের মাইলফলক ছোঁয়াতে পেরেছেন! এবারের লিগে এর আগে একটাই ফিফটি ছিল মুমিনুলের। অবশ্য সেঞ্চুরিও আছে একটি।

নয় ম্যাচে ১১ পয়েন্ট ভিক্টোরিয়ার। ১২ পয়েন্ট করে নিয়ে তাদের ওপরে শুধু মোহামেডান আর প্রাইম দোলেশ্বর। তবে শেখ জামালের সুপার লিগের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মতো তাদের পয়েন্টও এখন ১০।

সংক্ষিপ্ত স্কোর

ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ২৪৭ (মুমিনুল ৫০, চতুরঙ্গা ৩৯, ফজলে ৩৭, নাদিফ ৩৬; মাহমুদউল্লাহ ৩/৪০, রহমান ২/২২, মুক্তার ২/৩৮)। শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৮.৩ ওভারে ২১৯ (সোহাগ ৫৯, মাহবুবুল ৪৫, মাহমুদউল্লাহ ৩২; কামরুল ৪/৩৮, সোহরাওয়ার্দী ২/৩২, চতুরঙ্গা ২/৪২)। ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: কামরুল ইসলাম।