জয়ে ফিরল যুবারা

জয়ের লক্ষ্য ছিল ৮৬ রান। কিন্তু সেটি ছুঁতে গিয়েও পড়তে হলো ব্যাটিং বিপর্যয়ে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে, এটাই স্বস্তির। ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
জয় নিশ্চিত হয়েছিল দিনের প্রথম ভাগেই। সালেহ আহমেদের স্পিন-বিষে নীল হয়ে ৮৫ রানে অলআউট আফগানরা। এই বাঁহাতি স্পিনার ৭.৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তাঁর এমন ভয়ংকর বোলিংয়ের কোনো জবাব ছিল না আফগান যুবাদের। উদ্বোধনী দুই ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ।
যেকোনো বিদেশি দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে সেরা বোলিং এখন সালেহর। গত সপ্তাহেই সনজিৎ সাহা জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সালেহর দুর্ভাগ্য যে কালকের ম্যাচটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। তাই যুব ওয়ানডের রেকর্ডটি আপাতত সনজিতেরই থাকছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগান দল। ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রানও তুলে নিয়েছিল তারা। এরপরই দৃশ্যপটে আবির্ভাব সালেহের। সালেহের তাণ্ডবে মাত্র ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে অলআউট তারা মাত্র ৮৫ রানেই। এত ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্লথগতিতে এগিয়েছে বাংলাদেশ। ৮৬ রান তুলতে ৩৪.৪ ওভার খেলেছে যুবদল। ৯৮ বল খেলে সর্বোচ্চ ৩২ রান নিয়েছেন ওপেনার সাইফ হাসান।
আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।