জয়ে বিদায় জয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহেলা জয়াবর্ধনের বিদায় কি ছুঁয়ে গেল প্রকৃতিকেও? ভোরের আলো ফোটার আগে থেকেই অঝোরে কাঁদল কলম্বোর আকাশ। কান্নার দমকে কেঁপে ওঠার মতোই যেন বজ্রবিদ্যুতে কাঁপল চারপাশ। প্রকৃতির হৃদয়ক্ষরণ একটা সময় থামল বটে, কিন্তু ততক্ষণে বৃষ্টিতে ভেসে গেছে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠ। ক্লাবের প্রিয় সন্তানের শেষ দিনটিও তখন ভেসে যাওয়ার শঙ্কা। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে ঠিকই শুরু হলো খেলা। কিন্তু ঘণ্টা খানেক পর আবার ভেসে গেল এসএসসি। বৃষ্টি নয়, এবার আবেগের বন্যায়!

পাকিস্তানের শেষ উইকেটটি পড়তেই শ্রীলঙ্কা দলের সবাই ছুটলেন জয়াবর্ধনের দিকে। উদ্‌যাপনের তিনি মধ্যমণি। শেষের স্মারক স্টাম্প একটি পেলেন। একটু পর নিজেকে আবিষ্কার করলেন শূন্যে। ভেলেগেদারা আর প্রসাদের কাঁধে। কিন্তু বছরের পর বছর দেশকে বয়ে বেড়ানো কীর্তিমানকে শেষবেলায় যে বয়ে নিতে চান সবাই! মাঠ প্রদক্ষিণের পালায় পর্যায়ক্রমে চলল কাঁধবদল। খেলোয়াড়, কর্মকর্তা, ক্লাব-সতীর্থরা মিলে পেছনে একটা মিছিলমতো। আতশবাজি ফুটল সমানে। গ্যালারি থেকে হর্ষধ্বনি, চিৎকার, ছবি তোলার প্রতিযোগিতা। দর্শক-ভক্তদের কাছ থেকে ঘুরে এসেই উঠতে হলো দোতলায়। সেখানে অপেক্ষায় দেশের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আর তাঁর ছেলে সাংসদ নামাল রাজাপক্ষে। টইটম্বুর গ্যালারিতে দেখা গেল মালিঙ্গা-মেন্ডিস-কুলাসেকারাদের মতো টেস্ট দলে না-থাকা অনেক ক্রিকেটার আর তাঁদের পরিবারকে। স্ত্রী ক্রিস্টিনা তো ছিলেনই সব সময়ের মতো, কোলে এবার আট মাস বয়সী মেয়ে সানসা আরিয়া। ছিলেন জয়াবর্ধনের জীবনের বিশেষ দুজন মানুষও। সেনেরাথ জয়াবর্ধনে ও মিসেস সেনেরাথ!

বাবার আঙুল ধরেই প্রথমবার ক্রিকেট মাঠে গিয়েছিলেন ছোট্ট মাহেলা। নিয়ম করে প্রতিদিন নিয়ে যেতেন অনুশীলনে। কত কষ্ট, কত ত্যাগ! গর্বিত, তৃপ্ত বাবা-মা কাল চুমু এঁকে দিলেন ছেলের মুখে, কপালে। আবেগটা এবার যেন পেয়ে বসল জয়াবর্ধনেকে। কালো রোদচশমায় চোখ ঢাকলেন, চোখের পানি লুকাতেই কি? নিচে নামতেই আরেকটি চমক। দুই ইনিংসেই ব্যাটিংয়ে নামার সময় গার্ড অব অনার পেয়েছেন পাকিস্তান দলের কাছ থেকে, পেয়েছেন সতীর্থদের কাছ থেকেও। শেষটা তবু বিশেষ কিছু। যে স্কুলের হয়ে রানবন্যা ছুটিয়ে জানান দিয়েছিলেন আগমনী বার্তা, ভবিষ্যতের তারা নিজেকে ঘষেমেজে উজ্জ্বল হয়েছিলেন যেখানে, নালন্দা কলেজের বর্তমান দল গার্ড অব অনার দিল স্কুলের সবচেয়ে বিখ্যাত সন্তানকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানও জয়াবর্ধনেময়। সম্মাননা পেলেন নালন্দা কলেজ, এসএসসি, পাকিস্তান বোর্ড, নিজ দেশের বোর্ড, নিজ সতীর্থদের কাছ থেকে। ১৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বা দুই ম্যাচ সিরিজে রেকর্ড ২৩ উইকেট নিয়ে সিরিজ-সেরা রঙ্গনা হেরাথ, দলের ২-০-তে সিরিজ জয়, কিংবা নতুন কোচিং স্টাফ নিয়ে পাকিস্তানের ধবলধোলাই তখন আড়ালে। পরে মাইক্রোফোন হাতে নিয়ে শোনালেন নিজের কথা। শচীন টেন্ডুলকারের মতো অমন গোছানো না হলেও মিল থাকল ধন্যবাদ আর কৃতজ্ঞতার ডালিতে। প্রথম কোচ থেকে শুরু করে পরিবার, বন্ধু, সতীর্থ, ম্যানেজার, দীর্ঘ পথচলায় সঙ্গী সবাই থাকলেন তাতে।

সব আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী-সন্তান নিয়ে বেরিয়ে গেলেন মাঠ থেকে। আসলে টেস্ট ক্রিকেট থেকেই। তথ্যসূত্র: টেন ক্রিকেট।