জয়ে ভারতের ৯০০ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলফলকের ম্যাচে এর চেয়ে বেশি কী আর চাইতে পারতেন মহেন্দ্র সিং ধোনি? সেরা খেলোয়াড়দের অনেকেই দলের বাইরে। কেউ চোটে পড়ে, কেউ বিশ্রামে। তবু খর্বশক্তির দল নিয়েই সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ভারত। ১০১ বল হাতে রেখেই ম্যাচ জিতল ৬ উইকেটে।

মাইলফলকটা কী? ওয়ানডেতে ভারতের ৯০০তম ম্যাচ। এর চেয়ে বেশি ওয়ানডে আর কোনো দল খেলেনি। উপলক্ষটা ভারত রাঙাল ৪৫৫তম জয়ে। এই হিসাবে অবশ্য ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান (৮৬৬ ম্যাচে ৪৫৭ জয়) ও অস্ট্রেলিয়া (৮৮৮ ম্যাচে ৫৪৭ জয়)।

ধোনির কাছ থেকে কাল সবচেয়ে বড় ধন্যবাদটা পাওয়ার কথা হার্দিক পান্ডিয়ার। কালই ওয়ানডে অভিষেক হলো ২৩ বছর বয়সী অলরাউন্ডারের, তাতে ৭ ওভারে ৩১ রান দিয়েই ৩ উইকেট! ইনিংসের শুরুতে উমেশ যাদবের সঙ্গে মিলে নিউজিল্যান্ড ব্যাটিংকে দিশেহারা করে দেন পান্ডিয়া। একপর্যায়ে ৬৫ রানেই ৭ উইকেট হারায় কিউইরা, শেষ পর্যন্ত ১৯০ পর্যন্ত যাওয়ার কৃতিত্ব ওপেনার টম ল্যাথাম ও নয়ে নামা টিম সাউদির। ৪৫ বলের ঝোড়ো ইনিংসে সাউদি করেছেন ৫৫ রান। আর ল্যাথাম ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করে অপরাজিত ৭৯ রানে। নিউজিল্যান্ডের হয়ে এমন কীর্তি আর কারও নেই (ওয়ানডে ইতিহাসে এটি দশম)।

১৯১ রানের লক্ষ্যটা ধর্মশালায় ভারতের ব্যাটিং ‘কর্মশালা’ই হয়ে রইল, তাতে সবচেয়ে ভালো ‘অনুশীলন’ হলো বিরাট কোহলির। ৮১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। সূত্র: স্টার স্পোর্টস।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৪৩.৫ ওভারে ১৯০/১০ (ল্যাথাম ৭৯*, সাউদি ৫৫, ব্রেসওয়েল ১৫; পান্ডিয়া ৩/৩১, মিশ্র ৩/৪৯)।

ভারত ৩৩.১ ওভারে ১৯৪/৪ (কোহলি ৮৫*, রাহানে ৩৩, ধোনি ২১; সোধি ১/৩৪, নিশাম ১/৪০)।