জয়ে রেকর্ড উদ্যাপন সাঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেটের পেছনে আরেকটি ক্যাচ নিয়ে সাঙ্গাকারা উঠে গেলেন আরেকটি চূড়ায়, ওয়ানডেতে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন তাঁরই। এর আগে ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ২১তম সেঞ্চুরি  l এএফপি
উইকেটের পেছনে আরেকটি ক্যাচ নিয়ে সাঙ্গাকারা উঠে গেলেন আরেকটি চূড়ায়, ওয়ানডেতে সবচেয়ে বেশি ডিসমিসাল এখন তাঁরই। এর আগে ব্যাটিংয়ে তুলে নিয়েছেন নিজের ২১তম সেঞ্চুরি l এএফপি

ব্যাটের ধার তো বয়সের তুলনায় বাড়ছেই। ইদানীং বাড়ছে কথার ধারও। গত কিছুদিনে বোর্ড-কর্তাদের শূলে চড়িয়েছেন বেশ কবার। গত পরশুই একহাত নিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কা সচিব নিশান্থা রানাতুঙ্গাকে। তবে গোধূলিবেলায় ক্যারিয়ার এমনই স্বর্ণালি আলোয় উজ্জ্বল যে বয়স বা বিতর্ক, কিছুই প্রভাব ফেলছে না কুমার সাঙ্গাকারার ব্যাটিংয়ে। আরেকটি দারুণ ইনিংস, আরেকটি সেঞ্চুরি। ওয়ানডে ডিসমিসালের রেকর্ড। সাঙ্গাকারার হাত ধরে শ্রীলঙ্কার জয়। সিরিজ হার নিশ্চিত হয়েছিল আগেই, কালকের ২৪ রানের জয়ে ব্যবধান খানিকটা ভদ্রস্থ হলো। সাত ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড জিতল ৪-২-এ। একটি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
ওয়েলিংটনে কাল থিরিমান্নেকে নিয়ে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুর্দান্ত ফর্মে থাকা তিলকরত্নে দিলশান। দ্বিতীয় উইকেটে দিলশান-সাঙ্গাকারা জুটি ১০৪ রানের। দুজনই ম্যাচ শুরু করেছিলেন ২০ সেঞ্চুরি নিয়ে। সাউদিকে খোঁচা মেরে ৮১ রানে থেমেছেন দিলশান। সাঙ্গা ঠিকই তুলে নিয়েছেন ২১তম সেঞ্চুরি। একসময় মনে হচ্ছিল তিন শ ছাড়িয়ে যাবে শ্রীলঙ্কা। তবে পরে আর কেউ রান না পাওয়ায় থামতে হয় ২৮৭ রানে। ১০৫ বলে ১১৩ করে অপরাজিত সাঙ্গাকারা।
নিউজিল্যান্ড ইনিংসের প্রথম বলেই গাপটিলকে তুলে নেন কুলাসেকারা। ৪২ রানে ৩ উইকেট হারানোর পর আর গতি পায়নি ইনিংস। উইলিয়ামসন এদিন আর বড় করতে পারেননি ফিফটিকে (৫৪)। শেষ দিকে লুক রনকি (৪২ বলে ৪৭), ড্যানিয়েল ভেট্টোরি (৩০ বলে ৩৫) ও কাইল মিলস (১৭ বলে ৩০)। তবে কিউইদের জয়ের আশা সেভাবে জাগেনি কখনোই। অভিষিক্ত লঙ্কান পেসার দুশমন্থ চামিরা নিয়েছেন ২ উইকেট, বল হাতে নেওয়া সবাই পেয়েছেন উইকেট। আগের ম্যাচেই অ্যাডাম গিলক্রিস্টের ডিসমিসালের (৪৭২) রেকর্ড ছোঁয়া সাঙ্গাকারা কাল দুটি ক্যাচ নিয়ে গেছেন ছাড়িয়ে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৭/৬ (সাঙ্গাকারা ১১৩*, দিলশান ৮১, থিরিমান্নে ৩০, পেরেরা ২০; অ্যান্ডারসন ৩/৫৯, সাউদি ২/৫০);

নিউজিল্যান্ড: ৪৫.২ ওভারে ২৫৩ (উইলিয়ামসন ৫৪, রনকি ৪৭, ভেট্টোরি ৩৫, মিলস ৩০, অ্যান্ডারসন ২৪; ইরাঙ্গা ২/৩৪, কুলাসেকারা ২/৫৫, চামিরা ২/৬০)।
ফল: শ্রীলঙ্কা ২৪ রানে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ৪-২-এ জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কুমার সাঙ্গাকারা
ম্যান অব দ্য সিরিজ: কেন উইলিয়ামসন