জয়ে শুরু আবাহনী-মোহামেডানের

প্রথম পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করেও দিন শেষে হাসতে পারেননি শামসুর রহমান ও রনি তালুকদার। তাঁদের দল মোহামেডান যে হেরেছে শেখ জামালের কাছে। সেই ম্যাচে দ্বিতীয় উইকেটে ১৭৩ রান যোগ করেছিলেন রনি-শামসুর। কাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দ্বিতীয় উইকেটেই ১৪৮ রানের জুটি তাঁদের। সেঞ্চুরি পাননি কেউ। তবে দল এবার জিতেছে। ফতুল্লায় ৬৪১ রানের ম্যাচে প্রথম পর্বের শীর্ষ দল গাজী গ্রুপকে ৭ রানে হারিয়েছে মোহামেডান।
বিকেএসপিতে দিনের বৃষ্টিবিঘ্নিত অন্য দুই ম্যাচে জিতেছে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। দোলেশ্বর ডাকওয়ার্থ-লুইসের হিসাবে ৪০ রানে হারিয়েছে শেখ জামালকে। একই হিসাবে আবাহনী ৬০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। কালকের জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট হলো আবাহনী ও দোলেশ্বরের। ১৮ পয়েন্ট প্রথম নয় ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হারা গাজী গ্রুপেরও।
আগের ম্যাচে মোহামেডানের ৩৩৯ রান টপকে গিয়েছিল শেখ জামাল। কাল মোহামেডানের ৩২৪ রানও টপকে যাওয়ার হুমকি দিচ্ছিল গাজী গ্রুপ। ২৯ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলে ফেলে গাজী। কিন্তু পরের ১১ ওভারে মাত্র ৪৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সাতে নেমে সোহরাওয়ার্দী শুভ ৫৭ রানে অপরাজিত থাকলেও রান-বলের হিসাবটা মেলাতে পারেননি। এর আগে রনির ৯২, শামসুরের ৭৪ ও নাজমুল মিলনের ৪৭ রানের ইনিংসে ৩০০ পেরোয়।
বিকেএসপির দুই মাঠেই প্রথম ইনিংসের শেষে হানা দিয়েছিল বৃষ্টি। ৪৩ ওভারে ৩ উইকেটে ২৬৮ রান তখন আবাহনীর, পাশের মাঠে সমান ওভারে দোলেশ্বরের ৪ উইকেটে ২৫১। বৃষ্টিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে দোলেশ্বর শেষ ৩ ওভারে তোলে ২৩ রান। এর আগে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন দলটির ওপেনার ইমতিয়াজ (১২৮)।
পাশের মাঠে ৪৭ ওভারের ম্যাচের শেষ ৪ ওভারে আবাহনী যোগ করে আরও ৫৩ রান। আবাহনীর ৩২১ রানে সর্বোচ্চ অবদান ওপেনার লিটন দাসের (৮৫)।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ-মোহামেডান, ফতুল্লা
মোহামেডান: ৫০ ওভারে ৩২৪/৮ (রনি ৯২, শামসুর ৭৪, মিলন ৪৭; শাহজাদা ২/৫২, হায়দার ২/৭৮)। গাজী গ্রুপ: ৫০ ওভারে ৩১৭/৮ (মুনিম ৮৮, সোহরাওয়ার্দী ৫৭*, পারভেজ ৪০, এনামুল ৩৬, জহুরুল ৩১; কামরুল ২/৫৯, বিপুল ২/৬০, সাজেদুল ২/৬৮)।
ফল: মোহামেডান ৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রনি তালুকদার।
দোলেশ্বর-শেখ জামাল, বিকেএসপি-৩
দোলেশ্বর: ৪৬ ওভারে ২৭৪/৭ (ইমতিয়াজ ১২৮, শাহরিয়ার ৬৭, শরীফউল্লাহ ৩৫; তানভীর ২/৫৮)। শেখ জামাল (লক্ষ্য ২৯২ রান): ৪২.২ ওভারে ২৫১ (তানভীর ৪৬, মাহাবুবুল ৪৪, চোপড়া ৪৩, জিয়া ৩৭; ডি সিলভা ২/৩৮, সানি ২/৪১, হাবিবুর ২/৫৫, রেজা ২/৫৫)।
ফল: দোলেশ্বর ৪০ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: ইমতিয়াজ হোসেন।
আবাহনী-প্রাইম ব্যাংক, বিকেএসপি-৪
আবাহনী: ৪৭ ওভারে ৩২১/৬ (লিটন ৮৫, নাজমুল ৬৫, মিঠুন ৬০ সাইফ ৪৬; আল আমিন ২/৪৩, আরিফুল ২/৭০)। প্রাইম ব্যাংক (লক্ষ্য ৩৩৪ রান): ৪৩.৩ ওভারে ২৭৩ (জাকির ৫৫, নাহিদুল ৪৩, অভিমন্যু ৪৩, আসিফ ৩২; শর্মা ৩/৫৪, শুভাগত ২/৩৩, আফিফ ২/৪৮, সাইফউদ্দিন ২/৫৩)।
ফল: আবাহনী ৬০ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস।