জয়ে শুরু ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের বদলে ফেলেছে ইংল্যান্ডও। সীমিত ওভারের ক্রিকেটে এখন তারা সত্যিই দুর্দান্ত দল। ভারতের মাটিতে টেস্ট সিরিজে কিছু করতে পারেনি। তবে ওয়ানডে সিরিজে ঠিকই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আর কাল টি-টোয়েন্টি সিরিজের শুরুটাই করল জয় দিয়ে।

ওয়ানডেতেই ‘পার স্কোর’ হয়ে গেছে সাড়ে তিন শ। সেই তুলনায় টি-টোয়েন্টিতে ১৪৮ রান নিতান্তই ছোট লক্ষ্য। কানপুরে সেই লক্ষ্যটা সহজেই পেরিয়ে গেছে ইংল্যান্ড। ৭ উইকেট হাতে রেখে ১১ বল বাকি থাকতেই জিতে গেছে এউইন মরগানের দল। এমন জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মরগান। ৩৮ বলে ১টি চার ও ৪টি ছয়ে ৫১ রান করেছেন তিনি। অবদান ছিল পুরো সফরেই ভালো ব্যাট করা জো রুটেরও। ভারতে এবারের সফরে এই প্রথম কোনো ম্যাচে অবশ্য ফিফটি পাননি রুট, তবে ৪৬ বলে করেছেন অপরাজিত ৪৬ রান।

এর আগে ভারতের ব্যাটসম্যানদের বেঁধে রাখতে নিয়ন্ত্রিত বোলিং করেন ইংল্যান্ডের বোলাররা। মঈন আলী টি-টোয়েন্টিতে করেছেন তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং (২/২১)। বাকিদের মধ্যে কেউই একটির বেশি উইকেট পাননি, তবে রানও তেমন দেননি। সূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৪৭/৭ (কোহলি ২৯, রাহুল ৮, রায়না ৩৪, যুবরাজ ১২, ধোনি ৩৬*, পান্ডে ৩, পান্ডিয়া ৯, রসুল ৫; মঈন ২/২১, মিলস ১/২৭, জর্ডান ১/২৭, প্ল্যাঙ্কেট ১/৩২, স্টোকস ১/৩৭)।

ইংল্যান্ড: ১৮.১ ওভারে ১৪৮/৩ (রয় ১৯, বিলিংস ২২, রুট ৪৬*, মরগান ৫১, স্টোকস ২*; চাহাল ২/২৭, রসুল ১/৩২)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মঈন আলী (ইংল্যান্ড)।