জয়ে শুরু এনামুলদের অস্ট্রেলিয়া সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডারউইনে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে জিতেছে বিসিবির এইচপি দল। ফাইল ছবি
ডারউইনে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে জিতেছে বিসিবির এইচপি দল। ফাইল ছবি

অস্ট্রেলিয়া সফরটা জয় দিয়ে শুরু করেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। আজ ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারিয়েছেন লিটন-এনামুলরা।
১৯০ রান তাড়া করতে নেমেছিল এইচপি। লিটন দাস-এনামুল হকের ওপেনিং জুটিই তুলে ফেলে ৫৮ রান। তবে ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল তারা। পঞ্চম উইকেটে ২৮ রান যোগ করে চাপটা সামলানোর চেষ্টা করেন তাসামুল হক-তানভীর হায়দার। কিন্তু ১৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে এইচপি।
১২৯ রানে ৭ উইকেট হারিয়ে লিটনদের জয়ের স্বপ্ন যখন মিলিয়ে যাওয়া শঙ্কা, ঠিক তখনই বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন তানভীর হায়দার-আবুল হাসানের অষ্টম উইকেট জুটি। এই জুটি যোগ করে মূল্যবান ৪৪ রান। ৩১ রান করে আবুল হাসান আউট হলেও ৫১ রানে অপরাজিত থেকেছেন তানভীর। এক ওভার আর ১ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় বিসিবির এইচপি দল।
সকালে টস জিতে বোলিং নেয় এইচপি দল। আবু হায়দার-সাইফউদ্দিন-জুবায়েরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশ, ৫০ ওভারে করে ৭ উইকেটে ১৮৯। প্রতিপক্ষকে ২০০-এর নিচে আটকেও লিটনরা অবশ্য ম্যাচটা জিতেছেন কঠিন করে। কাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ।