জয়ে শুরু জিম্বাবুয়ে-আফগানিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই মাঠে দুটি ম্যাচ। শুরু হলো সাড়ে চার ঘণ্টা আগে-পরে। তবে কাকতালীয়ভাবে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কাল সেই ম্যাচ দুটির ফল হলো একই রকম! আগের ম্যাচটায় হংকংকে ১৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা হলো জিম্বাবুয়ের। পরের ম্যাচে স্কটল্যান্ডকেও ঠিক সেই ১৪ রানে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার আশা উজ্জ্বল করল আফগানিস্তানও।
আসল লড়াই শুরু হবে সুপার টেন পর্ব থেকে। প্রথম পর্ব নামের এই রাউন্ড নিয়ে তাই স্বাগতিক দর্শকদের খুব একটা আগ্রহ নেই। টি-টোয়েন্টির মহাযজ্ঞের আমন্ত্রণে সাড়া দিয়ে দুটি ম্যাচেই মাঠে এলেন মাত্র কয়েক শ দর্শক। তবে যাঁরা এসেছিলেন, তাঁরা কিন্তু হতাশ হননি। ভালোই বিনোদন জুগিয়েছে ম্যাচ দুটি।
প্রথম ম্যাচে জিম্বাবুয়েই ফেবারিট ছিল। তবে হংকংও একেবারে ছেড়ে কথা বলেনি। আগে ব্যাট করে ওপেনার ভুসি সিবান্দার ফিফটিতে ২০ ওভারে ১৫৮ রান করেছে জিম্বাবুয়ে। ৪৬ বলে ৫৯ রান করেছেন সিবান্দা, তাঁর ক্যারিয়ারের প্রথম ফিফটি। তাড়া করতে নেমে হংকংয়ের অধিনায়ক জেমি অ্যাটকিনসন করেছেন ৪৪ বলে ৫৩, ছয়ে নামা তানভীর আফজালের ব্যাট থেকেও এসেছে ১৭ বলে ৩১ রান। কিন্তু আর কেউই এই দুজনকে সঙ্গ দিতে পারেননি। ৬ উইকেটে ১৪৪ রানেই থেমে যায় হংকং।
অন্য ম্যাচে ওপেনার মোহম্মদ শেহজাদ ও অধিনায়ক আসগর স্টানিকজাইয়ের দুটি দুর্দান্ত ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৭০ রানের বড় স্কোর গড়ে আফগানরা। ৩ ছক্কা আর ৫ চারে শেহজাদের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬১ রান। স্টানিকজাই অপরাজিত ছিলেন ৫০ বলে ৫৫ রান করে। তাড়া করতে নামা স্কটল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৮.৪ ওভারেই বিনা উইকেটে ৮৪ রান তুলেছিল তারা। কিন্তু ৮৪ রানেই প্রথম উইকেটটি পড়ার পর হঠাৎই খেই হারিয়ে ফেলে স্কটল্যান্ড। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা না দিতে পেরে থেমে যায় ৫ উইকেটে ১৫৬ রানেই।