জয়ে শুরু রুমানাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে ৩১ বলে ৩২*, আর বল হাতে ১৪ রানে ২ উইকেট—সালমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যেই মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে কাল পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতল বাংলাদেশ l ছবি: আইসিসি
ব্যাট হাতে ৩১ বলে ৩২*, আর বল হাতে ১৪ রানে ২ উইকেট—সালমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যেই মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে কাল পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতল বাংলাদেশ l ছবি: আইসিসি

মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। কাল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশের মেয়েরা ১১৮ রানে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে।

মেয়েদের ওয়ানডেতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ৮২ রানের। তাই এটি হতে পারত বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কিন্তু বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির ম্যাচটি ওয়ানডে স্বীকৃতি পাচ্ছে না। কারণ, পাপুয়া নিউগিনির ওয়ানডে মর্যাদা নেই। রেকর্ড বইয়ে না উঠলেও সুপার সিক্সে ওঠার পথ করে নিতে জয়টা ভীষণ কাজেই দেবে বাংলাদেশের।

ব্যাটিং করতে নেমেই একটা ধাক্কা—১ রানেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। তবে দলকে এগিয়ে নিয়েছে দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার-সানজিদা ইসলামের ৫১ রান ও তৃতীয় উইকেটে শারমিন-ফারজানা হকের তৃতীয় উইকেটে ৬৯ রানের দুটি জুটি। শারমিন ও ফারজানা দুজনই পেয়েছেন ফিফটি। ৮৬ বলে সাত চারে ৫৬ রান শারমিনের, ফারজানার ৭২ বলে ৫১ রানের ইনিংসেও চার সাতটি। ২ উইকেটে ১২১ থেকে হুট করে ৪ উইকেট ১২১ হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ ৬ উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে সালমা খাতুন-শায়লা শারমিনের ৫৫ বলে ৫৫ রানের জুটির সৌজন্যে।

বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাপুয়া নিউগিনি ৩২.১ ওভারে অলআউট ৯৭ রানে। জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সালমা।

আজ কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২১৫/৬ (শারমিন সুলতানা ০, শারমিন আক্তার ৫৬, সানজিদা ২৮, ফারজানা ৫১, রুমানা ০, নিগার ১৪, সালমা ৩২*, শায়লা ২০*; ওয়া ২/২৩, টম ২/৩৫, জিমি ২/৩২)। পাপুয়ানিউগিনি: ৩২.১ ওভারে ৯৭ (সায়কা ৩২, ওয়ালা ২৯, রুমা ২০; রুমানা ২/১৩, সালমা ২/১৪, পান্না ২/২০, জাহানারা ২/২৭, খাদিজা ১/১৭,)। ফল: বাংলাদেশ ১১৮ রানে জয়ী। ম্যাচসেরা: সালমা খাতুন।