জয়ে শুরু শ্রীলঙ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃথা গেল মঈন আলীর সেঞ্চুরি। কাল কলম্বোর প্রেমাদাসায় ১১৯ রান করেও জেতাতে পারলেন না ইংল্যান্ডকে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ২৫ রানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
তিলকরত্নে দিলশান (৯৮ বলে ৮৮), কুশল পেরেরা (৭৪ বলে ৫৯) এবং মাহেলা জয়াবর্ধনের (৫৮ বলে ৫৫) ফিফটির সুবাদে স্বাগতিক শ্রীলঙ্কা তুলেছিল ৩১৭ রান। উদ্বোধনী জুটিতে দিলশান-পেরেরার ১২০ রানের জুটি এই বড় রানের ভিত গড়ে দেয়।
রান তাড়া করতে আসা ইংল্যান্ড দলীয় ৫১ রানে অ্যালিস্টার কুককে হারালেও এক প্রান্ত আগলে ছিলেন মঈন। ১১টি চার ও ৫টি ছয়ে ৮৭ বলে খেলেন দুর্দান্ত এক ইনিংস। তাঁর বিদায়ের পর বোপারা ৬২ বলে ৬৫ রান করে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ধরে রাখলেও শেষরক্ষা হয়নি। ম্যাচসেরা দিলশান। ক্রিকইনফো।