জয়ে শুরুর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

প্রবাসী বাংলাদেশিদের কেউ বলছেন, পার্লামেন্ট হাউসটা অবশ্যই দেখে যাবেন। কেউবা বলছেন ওয়ার মেমোরিয়ালের কথা। দেখার মতো আরও অনেক কিছুই আছে। জাদুঘর, আর্ট গ্যালারি, পোর্টে৶ট গ্যালারি, লাইব্রেরি, আর্কাইভ...সবকিছুর সঙ্গেই ‘ন্যাশনাল’ শব্দটা যুক্ত। ‘কোনটা কত দূরে’ প্রশ্নে প্রায় অভিন্ন উত্তর, ‘এই তো গাড়িতে ১০-১৫ মিনিট।’
ক্যানবেরায় সবকিছুই আসলে কাছাকাছি। নিরুত্তাপ, নিরুপদ্রব, ছিমছাম ছোট্ট এক শহর। অস্ট্রেলিয়ার রাজধানীবাসীদের জীবনও তা-ই। তাদের কল্পনা করারও কথা নয়, এই শহরের স্টেডিয়াম মানুকা ওভালের ম্যাচটি আরেক গোলার্ধের এক দেশে কেমন উত্তাপ ছড়াচ্ছে!
মজা করে অনেকে বলছেন, বিশ্বকাপ ফাইনাল! গত পরশু সন্ধ্যার দিকে সাদাচুলো এক ভদ্রলোক সস্ত্রীক টিম হোটেল গ্র্যান্ড হায়াতে চেক ইন করলেন। কাল সকালে তাঁকে বাংলাদেশের নেটের পাশে পাওয়া গেল। এই ম্যাচকে ‘বিশ্বকাপ ফাইনাল’ বলায় এক চোট হেসে নিলেন ডেভ রিচার্ডসন। আইসিসির প্রধান নির্বাহীর ক্যানবেরায় আসা অবশ্য চাকরির দায়ে। সবকিছু ঠিকঠাক চলছে কি না দেখতে বিশ্বকাপের সব ভেন্যুতেই চক্কর দিচ্ছেন। তবে এখানে বাড়তি একটা আগ্রহও আছে, আফগানিস্তান কেমন উন্নতি করেছে তা দেখা।
আফগানিস্তানের উন্নতির প্রমাণ অবশ্য বাংলাদেশ হাতেনাতেই পেয়েছে। এই মুহূর্তে দুই দলের ওয়ানডে দ্বৈরথের ফল দেখাচ্ছে: আফগানিস্তান ১-বাংলাদেশ ০। একমাত্র সেই ওয়ানডেটি গত বছর বাংলাদেশেই। এশিয়া কাপে ৩২ রানের সেই পরাজয় বাংলাদেশের ক্রিকেটে এখনো দগদগে ক্ষত হয়ে আছে। আজ সেই ক্ষতে জয়ের প্রলেপ দেওয়ার ম্যাচ।
এতটা নিশ্চিত করে কি বলা যায়? নাসির হোসেন তো তা-ই বলে দিচ্ছেন। ‘এই ম্যাচে কী হবে’ প্রশ্নটা শুনে মনে হলো খুবই অবাক হলেন, ‘কী আর হবে...আমরা জিতব।’ মুশফিকুর রহিমের মুখেও জয়ের প্রতিজ্ঞা। কাল দুপুরে মাঠ থেকে হোটেলে ফেরার বাসে ওঠার আগে একটা আশার কথাও জানিয়ে দিলেন, ‘আমার বিশ্বাস, সবাই নিজেদের সেরাটা জমিয়ে রেখেছে। আমরা অবশ্যই জিতব।’
মুশফিক কথাবার্তায় এমনিতেই সিরিয়াস। কাল মাত্রাটা আরও বেশি মনে হলো। জ্বালাটা তাঁর একটু বেশিই থাকার কথা। ফতুল্লার ওই ম্যাচে বাংলাদেশের অধিনায়কের নামও যে ছিল মুশফিকুর রহিম। ওই ম্যাচে মাশরাফি ছিলেন না। সাকিব-তামিমও না। বাংলাদেশ কেন হেরেছিল, এই প্রশ্নে মাশরাফি অবলীলায় বলে দিচ্ছেন, ‘আর কেন, আফগানিস্তান-আফগানিস্তান বলে আপনারা যে রব তুলেছিলেন, সে কারণে।’ তা সেই রব তো এবারও উঠেছে। তবে একটু পার্থক্য আছে। খেলাটা দেশের বাইরে বলে সেটি একটু কমই স্পর্শ করছে বাংলাদেশ দলকে। তার পরও চাপ তো আছেই।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাল যথেষ্টই উচ্ছল দেখাল মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ অধিনায়ক নিশ্চয়ই চাইছেন, এই উচ্ছ্বাস আজ গোটা দলের মধ্যেই ছড়িয়ে পড়ুক মানুকা ওভালে l ছবি: শামসুল হক
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাল যথেষ্টই উচ্ছল দেখাল মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ অধিনায়ক নিশ্চয়ই চাইছেন, এই উচ্ছ্বাস আজ গোটা দলের মধ্যেই ছড়িয়ে পড়ুক মানুকা ওভালে l ছবি: শামসুল হক

তামিম ইকবাল সেটি মেনে নিয়ে পাল্টা তির ছুড়ছেন, ‘আমাদের জেতা উচিত, এমন ম্যাচে চাপ তো থাকবেই। তবে এত বছর ক্রিকেট খেলার পর আমরা যদি সেটিকে বড় মনে করি, তাহলে তো আমাদের খেলাই উচিত না।’ ‘চাপ-টাপ’ যাঁকে খুব একটা স্পর্শ করে না বলেই ধারণা, সেই সাকিব আল হাসান মুখে তালা দিয়ে রেখেছেন। কথা বলতে চাইলেই হাসি দিয়ে বলছেন, ‘মাফ করে দেন, ভাই।’
চাপ! চাপ!! চাপ!!!
কাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শব্দটা ঘুরেফিরে এল। বিশ্বকাপের ফিকশ্চার চূড়ান্ত হওয়ার পর থেকেই বাংলাদেশকে হারিয়ে দেবে হুংকার দিয়ে আসছে আফগানরা। কাল অধিনায়ক মোহাম্মদ নবী অবশ্য সরাসরি জয়ের ঘোষণা দিয়ে দিলেন না। তবে চাপের পুরোটাই বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে চাইলেন, ‘এই ম্যাচে বাংলাদেশই চাপে থাকবে, কারণ আমরা ওদের একবার হারিয়েছি।’ বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনের পার্থক্যের কথাও মনে করিয়ে দিলেন। যেটিতে প্রচ্ছন্ন হয়ে থাকল একটা বার্তা, মানুকা ওভালের উইকেটে বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি স্পিনের চেয়ে আফগানদের ফাস্ট বোলিং-ই বেশি কার্যকর হবে।
মাশরাফি একদমই একমত নন, ‘আমাদের স্পিনাররা বিশ্বমানের। যেকোনো উইকেটেই ওদের ভালো করার সামর্থ্য আছে।’ অধিনায়ক নিজে প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালো বোলিং করেছেন। যদিও মনটা তাঁর একদমই ভালো নেই। ছোট্ট ছেলেটা অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে। যে খবর পেয়ে এমনকি দেশে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন একবার।
দলের মতো পেস বোলিংয়ের নেতৃত্বও যথারীতি মাশরাফির কাঁধেই। তাঁর সঙ্গে রুবেল হোসেন থাকছেন নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে তাসকিনকে খেলানো হবে না কি সাকিবের সঙ্গে আরেকজন বাঁহাতি স্পিনার তাইজুল-এটাতেই ঝুলে ছিল একাদশ নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত। নাসির, আল আমিন ও আরাফাত সানিকে বাইরে রাখাটা চূড়ান্তই হয়ে গেছে।
মানুকা ওভালের উইকেট সম্ভবত বোলারদের কঠিন পরীক্ষাই নেবে। নেটে ব্যাটিং করে, মাঠকর্মীদের সঙ্গে কথা বলে বাংলাদেশ দলও যে ধারণা পেয়েছে, তাতে মানুকা ওভালের উইকেটের পক্ষপাত ব্যাটসম্যানদের দিকেই। চারটিই ওয়ানডে হয়েছে এই মাঠে। প্রথমটি সেই ১৯৯২ বিশ্বকাপে। দ্বিতীয়টি ২০০৮ সালে। উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তাই গত দুই বছরের দুটি ম্যাচের শরণাপন্ন হওয়াই ভালো। দুটিতেই প্রথমে ব্যাটিং করা দল তিন শর বেশি রান তুলেছে। কাকতালীয়ভাবে, দুবারই অস্ট্রেলিয়া করেছে ৩২৯। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৯০, দক্ষিণ আফ্রিকা ২৫৬।
বিশ্বকাপ কাভার করতে আসা আফগান রেডিও সাংবাদিক দুই দলের শক্তির তুলনা করছিলেন। ব্যাটিং ও স্পিন আক্রমণে বাংলাদেশকে এগিয়ে রেখে বারবার আফগানিস্তানের তিন পেসারের কথা বলে যেন ভয়ই দেখাতে চাইলেন বাংলাদেশের সাংবাদিকদের। যেটিকে ফাঁপা বুলি বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হামিদ হাসান, শাপুর জাদরান ও দৌলত জাদরানের আসলেই ক্ষমতা আছে গতির ঝড় তোলার।
আফগান পেসারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াইয়েই আসলে লুকিয়ে এই ম্যাচের ভাগ্য। আর এই ম্যাচেই উত্তর লুকিয়ে কোটি টাকার একটা প্রশ্নের-বাংলাদেশের বিশ্বকাপটা কেমন যাবে!