প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ২ নম্বরে ছিল ভিক্টোরিয়া ও মোহামেডান। কিন্তু সেই দল দুটিই কাল যখন লিগের শেষ রাউন্ডে ফতুল্লায় মুখোমুখি হলো, সেই ম্যাচ নিয়ে কোনো উত্তেজনাই নেই ক্রিকেট অঙ্গনে। আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া দল দুটির লড়াইয়ে কাল জিতল ভিক্টোরিয়া। স্বল্প রানের ম্যাচে মোহামেডানকে ১৭ রানে হারিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল তারা। মোহামেডানের অবস্থান পঞ্চম।
টস জিতে ব্যাটিং নিয়ে ৪৮.৩ ওভারে ২০৫ রানে অলআউট ভিক্টোরিয়া। ইনিংসের অর্ধেকের বেশি রানই করেছেন ব্যাট হাতে ধারাবাহিক দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও আল আমিন। ৬০ বলে ৩ চার ও ২ ছয়ে ৫৮ রান মুমিনুলের, ৭০ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৫ রান আল আমিনের। ১৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েছেন মুমিনুল ও আল আমিন। ১০৫ রানে শেষ ৮ উইকেট পড়েছে ভিক্টোরিয়ার।
২৭.১ ওভারে ২ উইকেটে ১৩২—মোহামেডান জয়ের পথেই ছিল। ২৮তম ওভারের দ্বিতীয় বলে সৈকত আলী বোল্ড হতেই বদলে গেল চিত্র। আর মাত্র ৫৬ রান যোগ হতেই অলআউট মোহামেডান। এই মৌসুমে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে ওপেনার নাজিমউদ্দিন করেছেন ইনিংস-সর্বোচ্চ ৫০ রান। মুশফিক ফিরেছেন ফিফটি থেকে ৪ রান দূরে থেকে।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া–মোহামেডান, ফতুল্লা
ভিক্টোরিয়া: ৪৮.৩ ওভারে ২০৫ (মুমিনুল ৫৮, আল আমিন ৫৫, নাদিফ ২৮, কামরুল ২৬*; এনামুল জু. ৩/৪৫, হাবিবুর ২/৩৩, ফয়সাল ২/৪২)। মোহামেডান: ৪২ ওভারে ১৮৮ (নাজিমউদ্দিন ৫০, মুশফিক ৪৬, সৈকত ৩৫; মুমিনুল ৩/২৯, ফজলে ২/২৫)।
ফল: ভিক্টোরিয়া ১৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।