প্রেসবক্সে বসে একটু ধাঁধায়ই পড়ে যেতে হলো। শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে অনেকটা সময় নিয়ে ব্যাটিং প্র্যাকটিস করছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। দূর থেকে শরীরের গড়ন দেখে বোঝা যাচ্ছিল একজন তাসকিন আহমেদ। কিন্তু আরেকজন কে?
অনুশীলন ছিল ঐচ্ছিক। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো মাঠে আসেননি তামিম ইকবাল, সৌম্য সরকার এবং আরাফাত সানিও। শেষের তিনজনই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি দলের সাত বাঁহাতি ব্যাটসম্যানের মধ্যে সাকিব আল হাসান ব্যাট করে গেছেন শুরুতেই। হিসাবটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা এবার। তাসকিনের সঙ্গে উইকেটে আরেক বাঁহাতি তাহলে আবুল হাসান কিংবা মুস্তাফিজুর রহমান। একটু ভালো করে তাকাতে বাকি দ্বিধাদ্বন্দ্বও দূর হয়ে গেল। নবাগত মুস্তাফিজই।
খুব গোছানো অনুশীলন হচ্ছিল না। ফ্লাডলাইটের আলোয় ছড়িয়ে-ছিটিয়ে কোচিং স্টাফরা। তার মধ্যেই যে যাঁর মতো ব্যাটিং করে গেলেন। যেন গা গরমের জন্যই মাঠে আসা। তাসকিন আর মুস্তাফিজ প্রচুর ছক্কা মারার চেষ্টা করলেন। তাসকিন তো খেলবেনই, দল সূত্রের খবর, পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাচ্ছে মুস্তাফিজেরও। তবে আরেক নবাগত লিটন সরকারকে সম্ভবত এই যাত্রা অপেক্ষাতেই কাটাতে হচ্ছে। কাল রাত পর্যন্ত যা চিন্তাভাবনা, তাতে দলে থাকার কথা নয় রনি তালুকদার আর আবুল হাসানেরও।
অধিনায়কের সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বিন মুর্তজা ইঙ্গিত দিয়ে গেছেন তিন পেসার খেলানোর। মাশরাফি আর তাসকিনের সঙ্গে পেস আক্রমণে বৈচিত্র্য আনতে রাখা হবে অনূর্ধ্ব-১৯ আর ‘এ’ দলের হয়ে নজর কাড়া মুস্তাফিজকে। ‘টি-টোয়েন্টিতে আট ব্যাটসম্যান নিয়ে খেলা খুবই নেতিবাচক। আমার মনে হয় না অতিরিক্ত ব্যাটসম্যানের দরকার আছে। দল নিয়ে এখনো ভাবিনি। তবে তিন পেসার নিয়ে খেলে আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে সফল। এটাই ঠিক চিন্তা’, বলছিলেন অধিনায়ক।
টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচ খেলে এখন পর্যন্ত বাংলাদেশের জয় ১১টি। এই ১১ জয়ের মধ্যেও বড় দলের বিপক্ষে এসেছে মাত্র দুটি, দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আজকের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের সাতটিতেই হার। এই সংস্করণের ক্রিকেটে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে এক আহমেদ শেহজাদের সেঞ্চুরির কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ।
শেহজাদ আছেন এবারও। তবে বাংলাদেশ দলের চোখটা বোধ হয় অধিনায়ক শহীদ আফ্রিদির দিকেই বেশি। টেস্ট, ওয়ানডে ছেড়ে তিনি এখন শুধু টি-টোয়েন্টিতে মনোযোগী। একটি মাত্র ম্যাচ খেলতে পাকিস্তান থেকে উড়ে এসেছেন ঢাকায়। ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ হওয়া দলটাতে প্রাণশক্তি ফেরাতে এমন একজন অধিনায়কই বোধ হয় দরকার ছিল পাকিস্তানের। কাল সংবাদ সম্মেলনে কথার তোড়ে ভুলিয়ে দিতে চাইলেন ৩-০তে সিরিজ হারার তাজা স্মৃতি, ‘আমার মনে হয় এটা এখন অতীত ইতিহাস। এখন খেলা নতুন ফরম্যাটে। আমিসহ সোহেল তানভীর, উমর গুল, সাঈদ আজমল, মোহাম্মদ হাফিজ আছে দলে। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের সমন্বয় খুবই ভালো। আমি খুবই আত্মবিশ্বাসী যে আমরা ভালো করব।’
আজহার আলীর ওয়ানডে দলের চেয়ে যে আফ্রিদির টি-টোয়েন্টি দলটা বেশি ভালো, সেটা বুঝতে খেলোয়াড় তালিকা দেখাই যথেষ্ট। তার পরও কথাটা আরেকবার মনে করিয়ে দিয়ে আফ্রিদি প্রতিশ্রুতি দিলেন, ‘হয়তো একপেশে ম্যাচ হবে না, তবে কাল (আজ) খুব ভালো একটা ম্যাচ হবে।’
বাংলাদেশের পক্ষে ইতিহাস নেই, ২০ ওভারের ক্রিকেটের অভিজ্ঞতাতেও এগিয়ে পাকিস্তান। তবে সবকিছু এক পাশে সরিয়ে মাশরাফি বড় করে দেখতে চাচ্ছেন তাঁর দলের সাম্প্রতিক ফর্মটাকে। ওয়ানডে সিরিজের সাফল্যের তরী ভাসিয়ে আনতে চান একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতেও, ‘আমরা জয়ের আশা করতেই পারি। বোলাররা যেভাবে বোলিং করছে, ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছে, সেভাবে খেলতে পারলে অবশ্যই জেতার আশা করতে পারি।’
কিন্তু হঠাৎ হঠাৎ এ রকম এক-দুইটা ম্যাচ জিতে কতটা এগোচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট? খেলাটা যখন প্রায় প্রতি সিরিজেই খেলতে হয়, উন্নতির ছোঁয়া তো এখানেও লাগা চাই। আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপের মতো সেখানে চমক দেখাতে চাই শক্ত-পোক্ত একটা টি-টোয়েন্টি দল। সেটার পথে অবশ্য অনেক সীমাবদ্ধতাও দেখেন মাশরাফি। ব্যাটিংয়ে সাত-আট নম্বরে মারকাটারি কোনো ব্যাটসম্যান, সাকিবের মতো আরও দু-একজন ম্যাচ জেতানো বোলার-ভান্ডারে যে কিছুই নেই! নেই অভিজ্ঞতাও। ঘরোয়া টি-টোয়েন্টি হয় না বললেই চলে। ভারতসহ অন্য অনেক দেশেই যে এখন নিয়মিত টি-টোয়েন্টির মেলা বসে, সেসবেও বাংলাদেশের প্রতিনিধি বলতে সাকিব। ২০ ওভারের ক্রিকেটে সাকিবের একার যা অভিজ্ঞতা, বাংলাদেশ দলের অন্য সবার মিলেও সে অভিজ্ঞতা নেই।
মাশরাফি তার পরও বলতে রাজি নন, আজকের ম্যাচে এগিয়ে পাকিস্তান। ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই নিজেদের ফেবারিট বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। এবার সেটা না করলেও ফেবারিট বলছেন না পাকিস্তানকেও। মাশরাফি যেমন সরাসরিই বলে দিলেন, ‘আমার মনে হয় দুই দল সমান অবস্থানে আছে।’
দর্শকদের হিসাবটাও সম্ভবত সে রকমই। একে তো আজ সাপ্তাহিক ছুটির দিন, তার ওপর বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের ফর্মটাও আছে উত্তুঙ্গ। আজকের ম্যাচের টিকিটের চাহিদা তাই ছাড়িয়ে গেছে স্মরণকালের সব ম্যাচকেই। কিন্তু যে স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র সাড়ে ২৫ হাজারের মতো, সে আর কত মানুষের আশা পূরণ করবে! আজ মাশরাফির দলের প্রতি শুভ কামনাটা তাই শুধু শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতেই নয়, ছড়িয়ে থাকবে সারা দেশের আকাশে-বাতাসেই।