জয়েই যুবাদের বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ফতুল্লায় শ্রীলঙ্কার বিপক্ষে যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে বাংলাদেশের যুবাদের সেলফি l শামসুল হক
কাল ফতুল্লায় শ্রীলঙ্কার বিপক্ষে যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে বাংলাদেশের যুবাদের সেলফি l শামসুল হক

নাচের জবাবে নাচ! সেমিফাইনালে ক্যারিবীয় অলরাউন্ডার শামার স্প্রিঙ্গারের আনন্দনৃত্যটা এ-ফোঁড় ও-ফোঁড় করে দিয়েছিল জাকির আলীর হৃদয়। সেদিন ড্রেসিংরুমে অঝোরে কেঁদেছিলেন জাকির। হয়তো চোখ মুছে পরক্ষণেই প্রতিজ্ঞা করেছিলেন, সুযোগ পেলে তিনিও নেচে দেখাবেন।
দেখালেনও। কাল ফতুল্লায় শ্রীলঙ্কার বিপক্ষে যুব বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়সূচক রানটা এল তাঁর ব্যাট থেকেই। জাকিরের নাচ তখন দেখে কে! বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই উইকেটকিপার এখন বলতে পারেন, ‘স্প্রিঙ্গার, দেখে নাও আমার স্প্রিং ড্যান্স, বসন্তনৃত্য!’
স্নায়ুক্ষয়ী ম্যাচটায় শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ‘বসন্তবরণ’ ভালোই হলো যুবাদের, আনন্দ ভাগাভাগি করলেন তাঁরা দর্শকদের সঙ্গে। তবে সবচেয়ে বেশি খুশির বার্তাটা থাকল জাকিরের মুখেই, ‘সেদিন স্প্রিঙ্গারের নাচ দেখে খুব কষ্ট পেয়েছিলাম। এ কারণেই ওভাবে নেচেছি।’ খুব কাছে এসেও ঘরের মাঠের বিশ্বকাপ ফাইনালটা দূরে সরে গেছে। তবে পূর্বসূরিদের সাফল্যকে ছাপিয়ে তৃতীয় হওয়ার আনন্দটাও কম নয়।
কিন্তু সহজ ম্যাচটি তো জিততে হলো কঠিন করেই! ওপেনারদের ব্যর্থতা ঘুচিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে জয়রাজ শেখ ও জাকির আলী যখন পথ দেখাতে শুরু করলেন, তখন ঘটল দুর্ভাগ্যজনক এক ঘটনা। পায়ের পেশিতে টান লাগায় ব্যক্তিগত ১৯ রানে মাঠের বাইরে চলে গেলেন জাকির আলী। এই ম্যাচেও থিতু হয়ে উইকেট দিয়ে এসেছেন জয়রাজ শেখ। ৫৯ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঠিক তখনই দৃশ্যপটে আগমন লড়াকু মেহেদী হাসান মিরাজের। নাজমুল হোসেনকে নিয়ে অধিনায়ক যখন তৃতীয় উইকেট জুটিতেই বড় জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন বড় জয়ের দিকে, তখন আবারও ছন্দপতন। ৮৮ রানের জুটিটি ভাঙে মেহেদীর রান আউটে, তবে তার আগে টুর্নামেন্টে নিজের চতুর্থ ফিফটি পেয়ে গেছেন। অধিনায়ক ফিরে যাওয়ার খানিক পর নাজমুলও রানআউট। ৩৬ ও ৩৮ ওভারে এই দুটি রানআউট ম্যাচে ফিরিয়ে আনে শ্রীলঙ্কাকে। লঙ্কান বোলারদের চাপটা তখন ভালোই উপলব্ধি করছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নাজমুল আউট হওয়ার আগের ওভারেও দরকার ছিল ৭৮ বলে ৬০ রান। এই সমীকরণটাই পরে একসময় কঠিন হয়ে দাঁড়ায়—৫ উইকেট হাতে নিয়ে ১৮ বলে ২৭ রান! তৃতীয় হওয়ার সান্ত্বনাটুকুও মিলবে কি না এই চিন্তাই তখন সবার।
নাটক জমে ৪৮ ওভার শেষে। বাংলাদেশের দরকার ১২ বলে ১৫ রান। মোসাব্বেক হোসেন আউট হলে শুশ্রূষা নিয়ে আবারও উইকেটে আসেন জাকির। ওভারের প্রথম বলে অসিথা ফার্নান্দোর করা বিমারটাই সৌভাগ্য বয়ে আনে। নো-বল, ওয়াইড আর ফ্রি-হিটে বাউন্ডারি—আসলে ১টি বলই বাংলাদেশকে দেয় ৬ রান। এর পর মেহেদীদের কাছে জয়টা ছিল সময়ের ব্যাপার। সেটি এল ৩ বল বাকি থাকতেই।
শ্রীলঙ্কা অবশ্য আফসোস করতে পারে, এমন ব্যাটিংবান্ধব উইকেটে কেন আরও কিছু রান হলো না। কিন্তু এটাও তো সত্যি যে, বাংলাদেশ দলের অসাধারণ ফিল্ডিং ও দারুণ বোলিংয়ের সামনেই তারা ৪৮.৫ ওভারে অলআউট হয়ে গেছে ২১৪ রানে।
জয় দিয়ে শুরু হয়েছিল, জয় দিয়েই শেষ হলো যুব বিশ্বকাপে বাংলাদেশের অভিযান। তবে শিরোপাটা জিততে পারলেই পরিশ্রম সার্থক হতো পুরোপুরি। যদিও তৃতীয় হওয়ার মধ্যেই গর্বের উপাদান খুঁজে পাচ্ছেন অধিনায়ক মেহেদী হোসেন মিরাজ, ‘গত দেড়টা বছর আমরা অনেক কষ্ট করেছি। দেড় বছরের একটা দিন খারাপ যেতেই পারে। দুর্ভাগ্য, সেই খারাপ দিনটা ছিল সেমিফাইনাল (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। তবে তৃতীয় হওয়াটাও অনেক বড় অর্জন। আমাদের খারাপ দিনটা ভুলে এগিয়ে যেতে হবে সামনে।’
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯: ৪৮.৫ ওভারে ২১৪ (আসালাঙ্কা ৭৬, উশান ৩৪, হাসারাঙ্গা ৩০, আশান ২৭*, মেন্ডিস ২৬; রানা ১/৩৩, সাইফউদ্দিন ২/৪৮, মিরাজ ৩/২৮, হালিম ২/২৬, সালেহ ১/২৩, মোসাব্বেক ০/৩৮, নাজমুল ০/১৬)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ২১৮/৭ (জয়রাজ ২৬, জাকির ০, জাকির আলী ৩১*, নাজমুল ৪০, মিরাজ ৫৩, হায়াত ২১, সাইফউদ্দিন ১৯, মোসাব্বেক ১১, রানা ১*; আশান ২/৩৯)।
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।