জয়েই শেষ ম্যাককালামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষের শুরুর সিরিজের প্রথম পর্বের শেষটা স্মরণীয়ই হলো ব্রেন্ডন ম্যাককালামের। শেষ ওয়ানডে জিতলেন, সিরিজও। আর এই শেষের লগ্নটা আরও রঙিন হলো স্যার রিচার্ড হ্যাডলি ও স্ত্রী এলিসা ম্যাককালামের উপস্থিতিতে l ক্রিকইনফো ও এএফপি
শেষের শুরুর সিরিজের প্রথম পর্বের শেষটা স্মরণীয়ই হলো ব্রেন্ডন ম্যাককালামের। শেষ ওয়ানডে জিতলেন, সিরিজও। আর এই শেষের লগ্নটা আরও রঙিন হলো স্যার রিচার্ড হ্যাডলি ও স্ত্রী এলিসা ম্যাককালামের উপস্থিতিতে l ক্রিকইনফো ও এএফপি

ট্রফিটা তাঁর হাতে তুলে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন ধবধবে সাদা চুল-গোঁফের রিচার্ড হ্যাডলি। মুখে চওড়া হাসি।
যাঁর হাতে তুলে দিয়েছেন, সেই ভদ্রলোকের মুখে কিছুটা লজ্জা-লজ্জা ভাব, কিছুটা বিনয়। কিন্তু পরে সেই ট্রফি নিয়ে যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তাঁর হাসিটাও হ্যাডলির মতোই চওড়া। হতেই হবে। মুখে যা-ই বলুন, মনে মনে কি এমন একটা বিদায় তাঁরও চাওয়া ছিল না?
বিদায়ী ওয়ানডেতে ব্রেন্ডন ম্যাককালামকে কাল সেই সেরা উপহারটাই দিল তাঁর দল—চ্যাপেল-হ্যাডলি ট্রফি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা। ট্রফিটা ধরে রাখতে হলে শেষ ম্যাচটা জিততেই হবে নিউজিল্যান্ডকে। এমন সমীকরণের সামনে কাল হ্যামিল্টনের সেডন পার্কও উপহার দিল সাম্প্রতিককালে ওয়ানডের অন্যতম সেরা ম্যাচ। নাটকীয় সেই ম্যাচে শেষ পর্যন্ত ৫৫ রানের জয় নিউজিল্যান্ডের। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে জয় দিয়ে শুরু হয়েছিল ম্যাককালামের ওয়ানডে ক্যারিয়ার, শেষটাও হলো সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই নাটকীয় আরেকটি জয়ে।

নাটকীয়, কারণ উত্থান-পতনে ঠাসা ছিল ম্যাচটি। আগে ব্যাট করে নিউজিল্যান্ড যখন ১৮.১ ওভারেই ১ উইকেটে ১২৩ রান তুলে ফেলল, মনে হচ্ছিল তিন শ ছাড়ানো লক্ষ্যই অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার জন্য। বিদায়ী ম্যাচেও যথারীতি ঝড় তুলেছেন ম্যাককালাম, ২৭ বলে ৪৭ রানের ইনিংসে ৬টি চার, ৩টি ছক্কা। এর মধ্যে শেষ ছক্কাটি দিয়ে ওয়ানডেতে ২০০ ছক্কার অভিজাত ক্লাবেও যোগ দিয়েছেন ‘বাজ’। অধিনায়কের সঙ্গে ৮৪ রানের জুটি গড়া মার্টিন গাপটিলও খেলেছেন ৬১ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস। কিন্তু এর পরও যে কিউইরা আড়াই শ করতে পারেনি, কারণ শেষ দিকের ব্যাটিংধস। মাত্র ১৫ বলে ৯ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় কিউইরা, থেমে যায় ২৪৬ রানে!
তাড়া করতে নেমে একসময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ৯৪ রান। সেখান থেকে ১৯তম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে তিন বলের মধ্যে স্টিভেন স্মিথ (২১) ও গ্লেন ম্যাক্সওয়েল ফিরে গেলে হঠাৎই বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে জর্জ বেইলি ও মিচেল মার্শ ৫৯ রানের জুটি গড়ে আবারও ম্যাচে ফেরান দলকে। বেইলিকে (৩৩) বোল্ড করে অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভাঙেন ম্যাট হেনরি। পরে ফিরতি ক্যাচ নিয়ে এই কিউই পেসার ফেরান মার্শকেও (৪১)। যদিও তৃতীয় আম্পায়ারের দেওয়া মার্শের আউটের সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক আছে। পর পর আবারও ২ উইকেট হারানোর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। মার্শ আউট হন দলের ১৬৪ রানে, সেখান থেকে অস্ট্রেলিয়া অলআউট ১৯১ রানে।
ম্যাচটা এমন রোমাঞ্চকর হলো বলেই বোধ হয় ওয়ানডে ক্যারিয়ারের শেষটা আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে ম্যাককালামের কাছে। শুধু চ্যাপেল হ্যাডলি-ট্রফি ধরে রাখাই তো নয়, ২০০৭ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়াকে দ্বিপাক্ষিক সিরিজেও হারাল নিউজিল্যান্ড। এত
প্রাপ্তিতে শেষ করছেন বলেই পুরস্কার বিতরণী মঞ্চেও আবেগাপ্লুত ম্যাককালাম, ‘১৪ বছরের ক্যারিয়ারে অনেকের সঙ্গে পরিচিত হয়েছি, অনেক বন্ধু পেয়েছি। এই স্মৃতিগুলো বাকি জীবন আমার সঙ্গে থাকবে।’ অবশ্য ম্যাককালামও থাকবেন ক্রিকেটপ্রেমীদের অন্তরে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৪৫.৩ ওভারে ২৪৬ (গাপটিল ৫৯, এলিয়ট ৫০, ম্যাককালাম ৪৭, অ্যান্ডারসন ২৭; মিচেল মার্শ ৩/৩৪, হ্যাস্টিংস ২/৪২, হ্যাজলউড ২/৪৫, বোল্যান্ড ২/৫৯)। অস্ট্রেলিয়া: ৪৩.৪ ওভারে ১৯১ (খাজা ৪৪, মিচেল মার্শ ৪১, বেইলি ৩৩; হেনরি ৩/৬০, অ্যান্ডারসন ২/১৬, সোধি ২/৩১)।
ফল: নিউজিল্যান্ড ৫৫ রানে জয়ী। সিরিজ: ৩-ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইশ সোধি।
ম্যাককালামের ওয়ানডে ক্যারিয়ার
ম্যাচ  ইনিংস  রান   সর্বোচ্চ   গড়   স্ট্রাইকরেট  ১০০/৫০  ডিসমিসাল
২৬০   ২২৮  ৬০৮৩  ১৬৬  ৩০.৪১  ৯৬.৩৭     ৫/৩২       ২৭৭
ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা
৩৫১
শহীদ আফ্রিদি ম্যাচ ৩৯৮
২৭০
সনাৎ জয়াসুরিয়া
ম্যাচ ৪৪৫
২৩৮
ক্রিস গেইল ম্যাচ ২৬৯
২০০
ব্রেন্ডন ম্যাককালাম
ম্যাচ ২৬০