
প্রথম ইনিংসে ১৫ রানে আউট হওয়ার পর হয়তো ভেবেছিলেন, বিদায়টাকে রাঙিয়ে দিতে দ্বিতীয় ইনিংসেও একটা সুযোগ পাচ্ছেন। পরশু ইংল্যান্ড ফলোঅনে পড়ার পরই মোটামুটি নিশ্চিত, সেই সুযোগটা আর পাচ্ছেন না মাইকেল ক্লার্ক। এই না-পাওয়াটা অবশ্য ক্লার্কের জন্য মিশ্র অনুভূতির। তিনি না পারলেও তাঁর দল ওভালে জিতেছে ইনিংস ও ৪৬ রানে। ক্যারিয়ারের শেষ টেস্টে এটাই তো চেয়েছিলেন বিদায়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক। একটা জয়, যে জয় পরের অ্যাশেজের প্রেরণা হবে তরুণ অস্ট্রেলিয়ান দলের। ক্লার্কের সঙ্গে ওভালেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো ক্রিস রজার্সেরও। এই টেস্ট শুরুর আগে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনারও।
শেষের আগে অবশ্য বৃষ্টি একটু নাটক করেছে ওভালে। আগের দিনটা ৬ উইকেটে ২০৩ রানে শেষ করা ইংল্যান্ড কাল সকালেই আরও দুটি উইকেট হারায় ২০ রানের মধ্যে। অস্ট্রেলিয়ার জয়টা তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু তারপরই প্রবল বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসও বলছিল, ওভালে দুই দিন টানা বৃষ্টি হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই বৃষ্টি অস্ট্রেলিয়ার হতাশার কারণ হতে পারেনি। আবারও খেলার শুরুর পর ইংল্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নিতে অস্ট্রেলিয়ার লেগেছে ৫.৪ ওভার।
জয়ের উল্লাসকে ছাপিয়ে গিয়েছিল বিদায়ী অধিনায়ককে ঘিরে সতীর্থদের আবেগ। ম্যাচ শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময় আরও একবার সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন ক্লার্ক। পুরস্কার বিতরণী মঞ্চেও ক্লার্ক-রজার্স দুজনই ছিলেন আবেগাপ্লুত। শেষটা অস্ট্রেলিয়ার জয়ে হলেও ৩-২ ব্যবধানে সিরিজ জেতার জন্য ক্লার্ক অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ডকে, ‘কুকের দলকে কৃতিত্ব দেব। যোগ্য দল হিসেবে অ্যাশেজ জিতেছে তারা। তবে শেষটা জয়ে করতে পারায় আমরাও খুশি।’ দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য ক্লার্ক ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের, ‘অসাধারণ একটা দলে অভিষেক হয়েছিল আমার। প্রথম ২০-৩০টি টেস্ট সবাই আমাকে আগলে রেখেছিল। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরে আমি গর্বিত, দেশকে নেতৃত্ব দিতে পেরেও।’ ক্রিকইনফো।
সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
স্টিভেন স্মিথ ৯ ৫০৮ ২১৫ ৫৬.৪৪ ২/১
ক্রিস রজার্স ৯ ৪৮০ ১৭৩ ৬০.০০ ১/৩
জো রুট ৯ ৪৬০ ১৩৪ ৫৭.৫০ ২/২
ডেভিড ওয়ার্নার ৯ ৪১৮ ৮৫ ৪৬.৪৪ ০/৫
অ্যালিস্টার কুক ৯ ৩৩০ ৯৬ ৩৬.৬৬ ০/২
বোলার
ওভার উইকেট সেরা গড় ৫/১০
স্টুয়ার্ট ব্রড ১৪৩.৩ ২১ ৮/১৫ ২০.৯০ ১/০
মিচেল স্টার্ক ১৪২.২ ১৮ ৬/১১১ ৩০.৫০ ২/০
জশ হ্যাজলউড ১১২.০ ১৬ ৩/৬৮ ২৫.৭৫ ০/০
নাথান লায়ন ১৩৭.১ ১৬ ৪/৭৫ ২৮.২৫ ০/০
মিচেল জনসন ১৪০.১ ১৫ ৩/২১ ৩৪.৯৩ ০/০