
১১১ বলের প্রথম ইনিংসের পুরোটাই যেন ছিল ভুতুড়ে। সেই ভূতটা কালও ফিরে এল ট্রেন্ট ব্রিজে, তবে শুধু ২৭ বলের জন্য। মাত্রই দানা বাঁধতে থাকা অস্ট্রেলিয়ার সম্ভাবনার বুদ্বুদটা তাতেই মিলিয়ে গেল! ২৩ ওভারের শেষ বলে প্রথম উইকেট গেল অস্ট্রেলিয়ার, ২৬ বলের মধ্যেই নেই হয়ে গেল আরও তিন উইকেট। তখনই হারের শঙ্কায় কম্পমান সফরকারী দল দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ৭ উইকেটে করেছে ২৪১। ইংল্যান্ডকে আরেকবার ব্যাটিংয়ে নামাতেই আরও ৯০ রান করতে হবে মাইকেল ক্লার্কের দলকে। ৪৮ ও ০ রানে উইকেটে ছিলেন অ্যাডাম ভোজেস ও মিচেল স্টার্ক।
কাল অবশ্য স্টুয়ার্ট ব্রড হন্তারক ছিলেন না। এগিয়ে এসেছেন বেন স্টোকস—৩৫ রানে নিয়েছেন ৫ উইকেট। শুরুটা ছিল ক্রিস রজার্সকে উইকেটের পেছনে জো রুটের দারুণ এক ক্যাচ বানিয়ে। এরপর পুল করতে গিয়ে ডেভিড ওয়ার্নার বল তুলে দেন আকাশে। ২ রানেই আউট শন মার্শ, আবারও স্টোকস-রুট যুগলবন্দী। তবে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় ধাক্কাটা শেষ পর্যন্ত দিয়েছেন ব্রডই। তাঁর বলেই অলস একটা শটে কভারে ক্যাচ দিয়ে স্টিভেন স্মিথ ফিরে গেছেন মাত্র ৫ রানেই। ক্যারিয়ারে এই প্রথম টানা চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। অধিনায়ক মাইকেল ক্লার্কেরও দুঃস্বপ্ন চলছেই, ১৩ রান করে ফিরে গেছেন উডের বলে ক্যাচ দিয়ে।
অথচ লাঞ্চের পর দারুণ কিছু শটের সঙ্গে একটু ভাগ্যের ছোঁয়ায় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বোধ হয় দ্বিতীয় ইনিংসে অন্য রকম কিছু করবে। শুরুর টালমাটাল দশা কাটিয়ে রজার্স-ওয়ার্নার মোটামুটি থিতুই হয়ে গিয়েছিলেন। তাতে অবশ্য ইংলিশ ফিল্ডারদের অবদান ছিল। ১০ রানের মাথায় স্লিপে ওয়ার্নারের সহজ ক্যাচ ছেড়েছেন কুক, ৪২ রানে আবার সেই ওয়ার্নারেরই ক্যাচ ফেলেছেন বেল। প্রথমবার দুর্ভাগা বোলার ব্রড, পরেরবার স্টোকস। ভাগ্যের দাক্ষিণ্য পেয়েছিলেন রজার্সও, ৪৭ রানে উডের বলে সেই রুটের কাছেই ক্যাচ দিয়েছিলেন। কিন্তু নো-বল হওয়ায় সে যাত্রা বেঁচে যান অস্ট্রেলিয়ান ওপেনার।
তার আগে ৪ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড সকাল থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। গতি আর সুইংয়ে বিধ্বংসী হয়ে উঠেছিলেন মিচেল স্টার্ক। ১৩০ রানে রুটকে ফিরিয়ে দেওয়ার পর নাইটওয়াচম্যান উডকে বোল্ড করেছেন অসাধারণ এক বলে। বাটলারকে আউট করে পেয়েছেন ইনিংসের ষষ্ঠ উইকেট। মঈন আলী ও ব্রড মিলে নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে অবশ্য একটু হতাশা বাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার। ৩৮ রানে মঈনের আউট হওয়ার দুই ওভার পর ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে দিয়েছেন কুক। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।