জয়ের অপেক্ষায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে টেস্ট অভিষেক অভিনব মুকুন্দের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনের সেই ম্যাচে টেস্ট অভিষেক বিরাট কোহলিরও। এরপর দুজনের পথ দুই দিকে যায় বেঁকে। গলে ৫৮তম টেস্ট খেলছেন কোহলি। ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় ওপরের দিকেই থাকবে ভারত অধিনায়ক কোহলির নাম। অন্যদিকে প্রায় ৫-৬ বছর দলের বাইরে থাকা মুকুন্দ খেলছেন মাত্র সপ্তম টেস্ট।

একই ম্যাচে অভিষিক্ত সেই দুই ব্যাটসম্যান কাল প্রথমবারের মতো জুটি বাঁধলেন ভারতের হয়ে। উইকেটে দুজনের প্রথম গাঁটছড়াতেই এল ১৩৩ রান। প্রথম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও মুকুন্দ অবশ্য আউট হলেন ৮১ রানে। তাঁর আউটেই শেষ তৃতীয় দিনের খেলা। অন্য প্রান্তে কোহলি তখন অপরাজিত ৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৮৯ রান তুলে ম্যাচটাকে শ্রীলঙ্কার নাগালের বাইরেই নিয়ে গেছে ভারত। কোহলিরা যে কাল দিন শেষে এগিয়ে গেছেন ৪৯৮ রানে। এত রান তাড়া করে কে কবে ম্যাচ জিতেছে!

চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান করার ঘটনাই আছে একটি। ১৯৩৯ সাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে টেস্টের দশম দিনে বৃষ্টি এসে ইংল্যান্ডকে যখন থামিয়ে দেয় জয় থেকে মাত্র ৪২ রান দূরে ইংলিশরা। দেশে ফেরার জাহাজ ধরা তাড়ায় ‘টাইমলেস’ টেস্টকে ওখানেই থামিয়ে দেওয়া ইংল্যান্ডের স্কোর তখন ৫ উইকেট ৬৫৪।

কোহলি আজ আর কত রান চাপিয়ে দেবেন শ্রীলঙ্কার কাঁধে সেটাই দেখার। ভারতের প্রথম ইনিংসে দুই অঙ্ক ছুঁতে না-পারা একমাত্র ব্যাটসম্যান কোহলি ১৭তম টেস্ট সেঞ্চুরি মাত্র ২৪ রান দূরে আছেন। সেঞ্চুরি নিশ্চয়ই করতে চাইবেন ভারত অধিনায়ক।

দিনের প্রথমভাগে সুযোগ পেয়েও শ্রীলঙ্কাকে ফলোঅন করাননি কোহলি। ভারতের চেয়ে ৩০৯ রান পিছিয়ে থেকে শ্রীলঙ্কা অলআউট ২৯১ রানে। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৩২ বলে ১০ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৯২ রানে। ২০৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ের পর লঙ্কানদের একাই বয়ে নিয়ে গেছেন এই স্পিনিং অলরাউন্ডার। তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।