জয়ের আনন্দে রেকর্ডের তৃপ্তি

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ আর অদূরে একাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকা-নামিবিয়ার লড়াই। দুই ম্যাচের শুরু হলো অনেকটা এক রকম। দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যখন বিপর্যয়কর অবস্থা, প্রোটিয়া যুবাদের অবস্থা আরও খারাপ। ২ রানে নেই ২ উইকেট!
তবে দুই ম্যাচের সমাপ্তি দুই রকম। নামিবিয়ার কাছে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, আর স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে দোর্দণ্ডপ্রতাপে কোয়ার্টার ফাইনালে পা রাখল স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচ শেষে পাশের মাঠের খোঁজখবর নিলেন মেহেদী হাসান মিরাজ। নামিবিয়ার কোয়ার্টার ফাইনালে পা রাখার খবরে খানিকটা বিস্মিত হলেও যুবা অধিনায়কের কাছে শেষ আটে পা রাখাই গুরুত্বপূর্ণ। তাঁর চোখে যে ভেসে উঠছে গত বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি। গ্রুপের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও নামিবিয়াকে হারানোর পরও শুধু রানরেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ায় খুশির ঝিলিক অধিনায়কের মুখে, ‘গত বিশ্বকাপে দুঃখজনকভাবে রানরেটে বাদ পড়েছিলাম। এবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি। খুব ভালো লাগছে।’ গ্রুপে আরেকটি ম্যাচ অবশ্য বাকি আছে, তবে কাল একই মাঠে নামিবিয়ার বিপক্ষে সেই ম্যাচটি বাংলাদেশের কাছে শুধুই আনুষ্ঠানিকতা।
দলের ও নিজের সাফল্যে কালকের ম্যাচটি নাজমুল হোসেনের কাছে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকার কথা। পাকিস্তানের সামি আসলামকে টপকে যুব ওয়ানডেতে হয়েছেন সর্বোচ্চ রানের মালিক। তবে ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে নাজমুলের কাছেও দলের কোয়ার্টার ফাইনালে পা রাখাটাই আসল, ‘আমার কাছে এটা একটা বিশেষ দিন। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি। সেঞ্চুরি পেয়েছি, প্রথম ম্যাচে যেটা হয়নি। দলও জিতেছে। আমার দিনটা তাই অন্য রকমই।’
১৭ রানেই বাংলাদেশের পড়ে গিয়েছিল ২ উইকেট। সেই বিপর্যয় সামাল দেয় সাইফ হাসান-নাজমুলের তৃতীয় উইকেট জুটি। বিপর্যয় কাটিয়ে উঠতে সাইফের ৪৯ রানের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, তবে এই ওপেনারের ব্যাটিংয়ের ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। খেলেছেন ১১৪ বল, এর মধ্যে ৭২টিই ডট। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলেছিলেন এমন ধীরগতির ইনিংস। ৩১ বলে মাত্র ৬ করেছিলেন। যুব ওয়ানডেতে সাইফের দুটি সেঞ্চুরি থাকলেও তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন থাকছেই।
মিরাজ অবশ্য আগলেই রাখছেন সাইফকে। অধিনায়ক জানালেন, উইকেটের চরিত্র ও দলের নির্দেশনা মেনে সাইফকে এভাবে খেলতে হচ্ছে, ‘সাইফ দারুণ ক্রিকেটার। আমাদের দলে ওর হাতেই সবচেয়ে পাওয়ারফুল স্ট্রোক আছে। দলের পরিকল্পনা অনুযায়ী সে এভাবে খেলেছে। আমাদের পরিকল্পনা হচ্ছে, সাইফ এক পাশ আগলে রাখবে। উইকেট কিছুতেই দেওয়া যাবে না। উইকেটের যে চরিত্র, তাতে এটা দরকারও ছিল। উইকেট দ্রুতগতির হলে সে অন্যভাবে খেলবে।’
সাইফের ধীরগতির ব্যাটিং অবশ্য নাজমুল-মিরাজকে সুবিধাই করে দিচ্ছে। শেষ দিকে হাতে উইকেট থাকায় চাপমুক্ত হয়ে শট খেলতে পেরেছেন দুজন। আর তাতে দল পেয়েছে ২৫৬ রান। যে স্কোর পরে স্কটল্যান্ডের কাছে হয়ে গেছে পাহাড়সম। স্কটিশদের পক্ষে যেটি ডিঙোনো আর সম্ভব হয়ে ওঠেনি।
প্রতি ম্যাচ শেষেই বিজয়ী দলের খেলোয়াড়দের নিয়ে সেলফি তোলার আয়োজন করে আইসিসি। মিরাজরা কাল যখন হাসিমুখে সোল্লাসে সেলফি তোলায় ব্যস্ত, কাছেই ম্লানমুখে দাঁড়িয়ে স্কটিশ যুবারা। প্রতিপক্ষকে বাংলাদেশের এই দলটি একেবারেই সহমর্মিতা জানায় না, এরা নির্দয়, নিষ্ঠুর। গোটা টুর্নামেন্টেই তা-ই থাকতে চায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫৬/৬ (সাইফ ৪৯, পিনাক ০, জয়রাজ ১৩, নাজমুল ১১৩*, মিরাজ ৫১, সাইফউদ্দিন ৩, সাঈদ ১৬, জাকির ০*; গাফফার ৪/৬০)। স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৪৭.২ ওভারে ১৪২ (দার ৫০, ফ্ল্যাক ২৮, ওয়ালার ২৪; হালিম ০/১৫, সাইফউদ্দিন ৩/১৭, মিরাজ ১/২৭, সালেহ ৩/২৭, আরিফুল ২/২৮, সাঈদ ০/২৬)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।