জয়ের আশা বাদ দিতে পারে ভারত!

কোহলি-রোহিতরা গত তিন ম্যাচে যা করতে পারলেন না, সেটিই আজ করে দেখালেন স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। দেখালেন, কীভাবে ইনিংসের শেষ ওভারগুলোতে ব্যাটিং করতে হয়। কীভাবে ইনিংসের ভালো শুরুটাকে পূর্ণতা দিতে হয়! স্মিথ-ম্যাক্সওয়েলের দুটি ঝড়ে ভর করেই আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৩৪৮ রানের ‘পাহাড়’ গড়েছে অস্ট্রেলিয়া।
এখনকার ক্রিকেটে ওয়ানডেতে ৩৪৮-কেও ‘পাহাড়’ বলতে বেখাপ্পা লাগতে পারে। তবে পরিসংখ্যান বলে দিচ্ছে, ৩৪৮ কিংবা এর বেশি রান করে অস্ট্রেলিয়া মাত্র তিনবারই হেরেছে। কিন্তু কোনোটাই নিজেদের মাটিতে নয়। তবে ভারত এই পরিসংখ্যানেই আশায় বসত গড়তে পারে। যে তিনবার অস্ট্রেলিয়া এত রান করে হেরেছে, দুবারই ভারতের বিপক্ষে। কিন্তু ক্যানবেরাকে কি নাগপুর-জয়পুর বানিয়ে জয় ছিনিয়ে আনতে পারবে ভারত?
দুজনই খুব বেশিক্ষণ ছিলেন না ক্রিজে। চারে নেমে স্মিথ খেলেছেন ২৯ বল, পাঁচে নেমে ম্যাক্সওয়েল ২০। তাতেই শেষ দিকে ভারতের বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েছেন এই দুজন। ফিফটি করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ইনিংসের শেষ বলে আউট হওয়া গত ম্যাচের নায়ক ম্যাক্সওয়েল করেছেন ৪১। এঁদেরকে শেষে ঝড় তোলার ভিত্তি গড়ে দিয়েছে ওয়ার্নার-ফিঞ্চের ১৮৭ রানের জুটি। দ্বিতীয় সন্তানের মুখ দেখেই মাঠে ফেরা ডেভিড ওয়ার্নারের ব্যাটে বাবাসুলভ কোনো মমতাই দেখা গেল না। ইশান্ত শর্মার বলে বোল্ড হওয়ার আগে ৯২ বলে করেছেন ৯৩। অল্পের জন্য নবাগত সন্তানকে সেঞ্চুরি দিয়ে পৃথিবীতে স্বাগত জানাতে পারলেন না ওয়ার্নার। তবে ওয়ার্নার না পারলেও তাঁর ওপেনিং সঙ্গী অ্যারন ফিঞ্চ ঠিকই পেরেছেন। ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ২৯ বছর বয়সী। এই দুজনের কল্যাণে ২৯.৩ ওভারেই ১৮৭ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া।
সে সময় মনে হচ্ছিল, হয়তো চার শর কাছাকাছি কোনো স্কোর করেই ক্ষান্ত দেবে অস্ট্রেলিয়া। হয়নি হঠাৎ করেই ৩০ থেকে ৪০—এই সময়টাতে অস্ট্রেলিয়ার ভারত বনে যাওয়ায়। মিচেল মার্শের ধীর শুরু ও সেঞ্চুরির কাছাকাছি থাকা ফিঞ্চের একটু ধীরে ব্যাটিংয়ের কারণে এই দশ ওভারে মাত্র ৪৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। পরে অবশ্য ম্যাক্সওয়েল ও স্মিথ সব ক্ষতি পুষিয়ে দিয়েছেন, সেটি রানের হিসেবেই বলুন আর নিরপেক্ষ দর্শকদের বিনোদনের হিসেবেই।
তবে দিন শেষে কপালটা পুড়ল ভারতেরই। সব রেকর্ড, পরিসংখ্যান বলছে, এখনই জয়ের আশা ছেড়ে দিতে পারে ভারত। ধোনিরা পারবেন রেকর্ড বইয়ের চোখ রাঙানিটাকে পালটে নতুন ইতিহাস গড়তে?