
শেষ বিকেলে ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথের জুটিটাই কি তবে এগিয়ে দিল অস্ট্রেলিয়াকে? প্যাট কামিন্স অন্তত তা-ই মনে করেন। মনে করেন বলেই ঢাকা টেস্টে জেতার ব্যাপারেও এখন বেশ আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান পেসার।
২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানেই ২ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ওয়ার্নার-স্মিথের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি। লক্ষ্য থেকে এখন মাত্র ১৫৬ রান দূরে অস্ট্রেলিয়া, হাতে ৮ উইকেট। তবে যেভাবে অধিনায়ক স্মিথ আর সহ-অধিনায়ক ওয়ার্নার ব্যাট করছেন, তাতে জয়টা খুব কঠিন ভাবছেন না কামিন্স, ‘আমরা এখন দারুণ অবস্থানে আছি। দিনের (গতকাল) শেষ ঘণ্টাটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমি তো খুবই আত্মবিশ্বাসী। স্মিথি (স্মিথ) ও ডেভকে (ওয়ার্নার) দেখেও মনে হচ্ছে, ওরা খুব পরিকল্পনা করেই নেমেছে। সবকিছু ওদের নিয়ন্ত্রণেও আছে। আর মাত্র ১৫০ রানের মতো লাগে। সকালে ঘণ্টা দুয়েক ভালো ব্যাট করলেই আমরা জয়ের খুব কাছে চলে যাব।’
বিশেষ করে, ওয়ার্নারের ব্যাটিংয়ে মুগ্ধ কামিন্স। উপমহাদেশে এর আগে ১১ টেস্টে কোনো সেঞ্চুরি নেই অস্ট্রেলিয়ান সহ-অধিনায়কের। কিন্তু দিন শেষে ৯৬ বলে ৭৫ রানে অপরাজিত ওয়ার্নার এখন সেঞ্চুরির কথা ভাবতেই পারেন। ১১ চার ও এক ছক্কায় সাজানো তাঁর ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন কামিন্স, ‘ও খুব দ্রুত ফিফটি পেয়ে গেল। আমি মনে করি, ওটাই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। পরে যারা ব্যাট করতে আসবে, ওরাও এখন মানসিকভাবে চাঙা থাকবে।’
এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় এ রকমই আশা জাগিয়েছিল তামিম-মুশফিকের জুটিটা। ৬৮ রানের সেই জুটি ভেঙেছে কামিন্সের বলেই, ম্যাথু ওয়েডের হাতে তামিম ক্যাচ দিয়ে ফেরায়।